Home বিনোদন কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি?

কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি?

1

বিনোদন ডেস্ক।।

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখে সঞ্চালনা করছেন স্বস্তিকা মুখার্জি, কিন্তু পর্দার আড়ালে মোটেও স্বস্তিতে নেই তিনি। প্রতিদিন টানা কথা বলতে গিয়ে এবার গলায় চেপে বসেছে ক্লান্তি। তার ওপর শুটিং সেটের কনকনে ঠান্ডা। সব মিলিয়ে নতুন দায়িত্ব সামলাতে গিয়ে বেশ কঠিন পরীক্ষার মুখেই পড়েছেন ওপার বাংলার এই অভিনেত্রী।

ছোট পর্দায় প্রতিদিন টানা অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা এবারই প্রথম স্বস্তিকা মুখার্জির। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা গেলেও নিয়মিত দৈনিক অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব কখনও সামলাতে হয়নি তাকে। তাই ‘দিদি নম্বর ওয়ান’ এর এই নতুন দায়িত্ব স্বস্তিকার জন্য যেমন নতুন অভিজ্ঞতা, তেমনই বড় এক চ্যালেঞ্জও।

দীর্ঘদিন ধরে ‘দিদি নম্বর ওয়ান’-এর অন্যতম পরিচিত মুখ ছিলেন রচনা ব্যানার্জি। তার তৈরি করা জায়গায় নতুন সঞ্চালক হিসেবে নিজেকে মানিয়ে নেয়া স্বস্তিকার জন্য সহজ ছিল না। তার ওপর ক্যামেরার সামনে দীর্ঘ সময় অনর্গল কথা বলে যেতে হচ্ছে তাকে।

একপর্যায়ে প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশে স্বস্তিকা মজা করে বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’

স্বস্তিকা জানান, শুটিং সেটের কনকনে ঠান্ডা এসিতে টানা কাজ করার কারণে তার গলায় বেশ চাপ পড়ছে। সিনেমা বা ওয়েব সিরিজের শুটিংয়ে এত দীর্ঘ সময় কথা বলার প্রয়োজন হয় না। কিন্তু বাস্তবভিত্তিক অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে কথা বলতে হয়।

তার ওপর সেটে থাকে প্রচুর আলো। এসব আলোর তাপে এসি বন্ধ রাখাও সম্ভব নয়। আবার দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকলে গলায় ঠান্ডা লাগার আশঙ্কাও থাকে। সব মিলিয়ে প্রতিদিনের শুটিং তার কণ্ঠের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

তবে গলার এই সমস্যায় থেমে যেতে নারাজ স্বস্তিকা। শারীরিক অস্বস্তি থাকলেও প্রতিবারই দৃঢ়তার সঙ্গে সঞ্চালনার দায়িত্ব সামলে যাচ্ছেন তিনি। দর্শকদের জন্য নতুন এই ভূমিকায় নিজেকে আরও মানিয়ে নিতে প্রতিদিনই তৈরি করছেন নতুন অভিজ্ঞতা।