Home জাতীয় ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি

ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি

17

ঢাকা অফিস।।

আগামীতে স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। এর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নতুন প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইউপি নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীদের জন্য ২০টি, সংরক্ষিত সদস্যদের জন্য ১০টি এবং সাধারণ সদস্যদের জন্য ১২টি প্রতীক রাখা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) তা প্রকাশ করা হয়।

চেয়ারম্যান প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো হলো কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের জন্য রাখা হয়েছে আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।

সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীক হলো উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

বাড়ল জামানত, নির্ধারিত হলো ব্যয়ের সীমা

নতুন বিধিমালায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সাধারণ সদস্য প্রার্থী সর্বোচ্চ ২ লাখ টাকা নির্বাচনি ব্যয় করতে পারবেন। এছাড়া কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

২০ হাজার টাকার বেশি লেনদেনে ব্যাংক বাধ্যতামূলক

নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে প্রার্থী বা তার এজেন্টকে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। ওই অ্যাকাউন্টে ২০ হাজার টাকার বেশি কোনো লেনদেন ব্যাংকিং মাধ্যম ছাড়া করা যাবে না।

নতুন বিধিমালায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চেয়ারম্যান পদে প্রার্থিতার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি জমা দেয়া, হলফনামায় তথ্য আরও স্পষ্টভাবে উপস্থাপন এবং নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো।

নির্দলীয় প্রতীকে ইউপি নির্বাচন আয়োজনের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্ধারিত স্বতন্ত্র প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা।