Home খেলাধুলা জিন্নাতের হাত ধরে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের

জিন্নাতের হাত ধরে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের

2

স্পোর্টস ডেস্ক ।।

অবশেষে এশিয়ান গেমসে পদকের দেখা পেল বাংলাদেশ। উশুর ৫২ কেজি ফাইট ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর উশুকা জিন্নাত আক্তার।

আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত ইভেন্টের প্রাথমিক পর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠেন জিন্নাত। শেষ আটে তার প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের এই উশুকার।

নিয়ম অনুযায়ী, কোনো ওজনশ্রেণিতে আটজনের বেশি প্রতিযোগী থাকলে সেমিফাইনালে ওঠা চারজনেরই পদক নিশ্চিত হয়। জিন্নাতের ৫২ কেজি ওজনশ্রেণিতে প্রতিযোগী ছিলেন ১৬ জন। ফলে সেমিফাইনালে উঠেই বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছেন তিনি। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু।

এর আগে ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেটিই ছিল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র পদক। দীর্ঘ ৪০ বছর পর সেই তালিকায় যুক্ত হলেন জিন্নাত।

আগামীকাল (২৩ সেপ্টেম্বর) সেমিফাইনালে চীনের ডি উর মুখোমুখি হবেন জিন্নাত। সেখানে জিতলে স্বর্ণপদকের লড়াইয়ে উঠবেন তিনি। হারলেও ব্রোঞ্জ নিয়েই ফিরবেন বাংলাদেশের এই উশুকা।

পদক নিশ্চিত হওয়ার পর জিন্নাত বলেন, ‘আমি অনেক খুশি, দেশের জন্য কিছু করতে পেরেছি। সকলের দোয়া চাই। বাংলাদেশের উশুকে যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।’