স্পোর্টস ডেস্ক ।।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, দীর্ঘ সময় মাঠে নিজেদের ধরে রাখার প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ। সফরের আগে ছয়টি স্কিল ট্রেনিং সেশন করার পরিকল্পনা রয়েছে দলের।
এর শুরুতেই ব্যাটারদের দীর্ঘক্ষণ ব্যাটিং এবং বোলারদের টানা স্পেল করার সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) অনুশীলন শেষে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানালেন, প্রথম দিনেই প্রায় সাড়ে তিন ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ। মূল লক্ষ্য ছিল টেস্টের জন্য প্রয়োজনীয় ধৈর্য ও ধারাবাহিকতা তৈরি করা।
আশরাফুল বলেন, ‘আজ (২২ সেপ্টেম্বর) আমরা দুপুরের খাবারের আগে দুই ঘণ্টা এবং পরে আরও দেড় ঘণ্টার মতো অনুশীলন করেছি। ব্যাটাররা যেন দীর্ঘ সময় ব্যাটিং করতে পারে এবং বোলাররা যেন দীর্ঘ বিরতিহীন স্পেল করতে পারে, সেই অনুশীলনই করেছি।’
টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে একই মান ধরে রাখার গুরুত্ব বিবেচনায় নিয়েই এই প্রস্তুতি বলে জানান আশরাফুল। দেশ ছাড়ার আগ পর্যন্ত এমন অনুশীলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
পাশাপাশি আফগানিস্তানের সম্ভাব্য কৌশলও মাথায় রাখা হচ্ছে। বিশেষ করে স্পিনবান্ধব উইকেটের কথা মাথায় রেখে ব্যাটারদের প্রস্তুতিতে রাখা হয়েছে বাড়তি বৈচিত্র্য।
আশরাফুল বলেন, ‘যখন আমাদের একটু সময় থাকে, ফিল সিমন্স আমাদের এই ট্রেনিং দিয়ে থাকেন। পাকিস্তানের আগে যেমন স্কিল ট্রেনিংয়ের সময় বোলিং মেশিন এনেছিলাম, এবারও সব ধরনের বিকল্প মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি। আফগানিস্তান স্পিন উইকেটও দিতে পারে, তাই সেই ধরনের ট্রেনিংও করছি।’











































