বিনোদন ডেস্ক।।
ছুরি হাতে অদ্ভুত এক লুকে ধরা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শেফের সাজপোশাকে হাতে বড়সড় কিচেন নাইফ, সঙ্গে রহস্যময় অভিব্যক্তি- জয়ার নতুন এই লুক ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সেই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। ছবিগুলো প্রকাশ করে লেখেন, ‘ডোন্ট আস্ক হোয়াট হ্যাপেনস নেক্সট’ অর্থাৎ ‘এরপর কী হবে, তা জানতে চেয়ো না।’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। সেখানে তাকে দেখা যায় শেফের পোশাকে।
হাতে ভয়ংকরদর্শন ছুরি নিয়ে কখনও ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কখনও ছুরিটি মুখের কাছে ধরে পোজ দিয়েছেন। তবে রহস্যের এখানেই শেষ নয়।

পরের ছবিগুলোতে ছুরি হাতে সেই একই লুকে বড়সড় একটি নাশপাতিতে কামড় বসাতে দেখা গেছে অভিনেত্রীকে। ফলে পুরো আয়োজনটি নিছক ফটোশুট, নাকি কোনো নতুন চরিত্রের আভাস- তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জয়ার লুকেও ছিল আলাদা নজরকাড়া ভাব। কপার হাইলাইট করা চুল সফট কার্লসে ছেড়ে রেখেছেন। হালকা মেকআপ, ছোট স্টাড, আংটি ও ক্লিন-গার্ল ম্যানিকিউরে বেশ পরিপাটি দেখাচ্ছিল তাকে। সব মিলিয়ে ছুরি হাতে জয়ার এই রহস্যময় উপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এই লুকের সঙ্গে নতুন কোনো কাজের যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি জয়া। ক্যাপশনে তার রহস্যময় বার্তাই আপাতত জল্পনার খোরাক জুগিয়েছে।
এদিকে সবশেষ পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-তে দেখা গেছে জয়া আহসানকে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি গত ১০ জুলাই মুক্তি পায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার সিক্যুয়েল এটি।
আগের কিস্তির মতো নতুন সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য। এতে মেঘনা চরিত্রে অভিনয় করেছেন জয়া।











































