Home বিনোদন ফের কাছাকাছি দেব-শুভশ্রী, পুরনো প্রেমের স্মৃতিতে নতুন জল্পনা

ফের কাছাকাছি দেব-শুভশ্রী, পুরনো প্রেমের স্মৃতিতে নতুন জল্পনা

2

বিনোদন ডেস্ক।।

টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলির প্রেম-বিচ্ছেদের গল্প একসময় ছিল টালিপাড়ার আলোচিত অধ্যায়। দীর্ঘদিন পর পর্দায় আবারও জুটি বেঁধেছেন তারা।

লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রোমান্টিক গানে তাদের রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও উসকে দিয়েছে পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড় ও প্রকৃতির মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর প্রেমময় উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। গান প্রকাশের পর থেকেই দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দেব-শুভশ্রীর বেশ কিছু রোমান্টিক ছবি। কোনো ফ্রেমে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে তাদের, আবার কোনো ছবিতে ধরা পড়েছে আরও ঘনিষ্ঠ মুহূর্ত। ফলে পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর একটি ক্যাপশন।

ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ এই ক্যাপশন প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যদিও ছবিগুলো সিনেমার প্রচারণা ও চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে। একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর সামনে বসে রয়েছেন দেব। পেছন থেকে তাকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী।

অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন শুভশ্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে তার মুখ। ছবিগুলোতে তাদের ঘনিষ্ঠ রসায়ন নতুন করে আলোচনায় এনেছে এই পুরনো জুটিকে।

পর্দার জনপ্রিয় জুটির পাশাপাশি বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দেব ও শুভশ্রী। পরে সেই সম্পর্কের ইতি ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে বহু বছর পর পর্দায় তাদের এই পুনর্মিলন দর্শকদের মনে ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়ায়ও স্পষ্ট সেই নস্টালজিয়ার ছাপ।