Home Lead যে পাঁচ কারণে গাজী নজরুলের রিমান্ড চায় পুলিশ

যে পাঁচ কারণে গাজী নজরুলের রিমান্ড চায় পুলিশ

12

খুলনাঞ্চল ডেস্ক।।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা ও বিতর্কিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার এ আবেদন করেন।

আদালতের কাছে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করে এই রিমান্ড চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। কারণ হিসেবে তিনি আবেদনে উল্লেখ করেন—মরিয়ম গলায় ফাঁস দেওয়ার সময় আসামিরা বাসায় উপস্থিত ছিলেন। আত্মহত্যার পেছনে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনা ছিল কি না তা নিশ্চিত হওয়া।

ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ, ভয়ভীতি প্রদর্শন কিংবা অন্য কোনো উপায়ে আত্মহত্যায় সহায়তা করার ক্ষেত্রে আসামিদের সুনির্দিষ্ট ভূমিকা উদঘাটন করা।

মামলার পলাতক আসামি গাড়িচালক ওবায়দুল ইসলামের ভূমিকা সম্পর্কে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা।

ঘটনার সঙ্গে অন্য কোনো অজ্ঞাতনামা ব্যক্তি বা আসামি জড়িত রয়েছে কি না তা শনাক্ত করা।

এ ছাড়া ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত সত্য ও মূল রহস্য উদঘাটন করার জন্য এ রিমান্ড চান পুলিশ। রিমান্ড শুনানির জন্য দুপুর ২টা ২০ মিনিটে পুলিশের গাড়িতে আসামিদের আদালতে আনা হয়।

বিকেল ৩টা নাগাদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে শেরেবাংলানগর থানায় নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত জুন মাসে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। নজরুল শেরেবাংলানগর থানার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের (ভবন নম্বর-৫, ফ্ল্যাট- ২০৩) বাসায় থাকতেন। একই ফ্ল্যাটে তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও বসবাস করতেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই নজরুল ও মাকছুদা বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী মরিয়ম মুঠোফোনে একাধিকবার তার পরিবারকে এই নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন।

২০ সেপ্টেম্বর (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় আসতে বলেন। খবর পেয়ে তিনি নিহতের খালা সুফিয়াকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে পৌঁছান এবং ফ্ল্যাটের সামনে ভিড় দেখতে পান। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরিয়মকে ঝুলতে দেখা যায়। পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) কর্মী সাইদুল ইসলাম সাবল দিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন।

এ সময় পুলিশ নিহতের বিছানা থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করেছে, যেখানে বিশ্বাসভঙ্গ, তীব্র মানসিক কষ্ট ও সম্পর্কের টানাপড়েনের কথা লেখা রয়েছে।

পরিবারের অভিযোগ, গাড়িচালক ওবায়দুল ইসলামের মধ্যস্থতা ও প্ররোচনায় এই বিয়ে হয়েছিল। পরবর্তী সময়ে নজরুল ও মাকছুদার নিরবচ্ছিন্ন নির্যাতন ও আসামিদের প্ররোচনা সহ্য করতে না পেরেই মরিয়ম আত্মহত্যার পথ বেছে নেন।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।