স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ মোঃ মোশাররফ হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে লবণচরা থানাধীন রূপসা ব্রিজের ঢাল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মোশাররফ হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসূলপুর গ্রামের আঃ মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কেএমপির খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম, এএসআই মোঃ মোখলেছুর রহমানসহ একটি চৌকস টিম থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন।

অভিযানকালে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রূপসা ব্রিজের ঢালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফিরোজের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোশাররফ হোসেনকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা তল্লাশি চালিয়ে ১০ বোতল বিদেশী মদ এবং ২৪ ক্যান ‘Royal Dutch, ESTD’ ব্রান্ডের বিয়ার উদ্ধার করা হয়।
লবণচরা থানা পুলিশ জানায়, ধৃত আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তবে সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি।











































