Home খেলাধুলা সর্বকালের সেরা তো নয়-ই, আর্জেন্টিনারও সেরা নন মেসি : মরগান

সর্বকালের সেরা তো নয়-ই, আর্জেন্টিনারও সেরা নন মেসি : মরগান

10

স্পোর্টস ডেস্ক।।

ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগান আবারও বিতর্ক ছড়ালেন লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে। এবার তিনি দাবি করেছেন, মেসি সর্বকালের সেরা তো নন-ই, আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন।

নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করে সেখানে জায়গা দেননি মেসিকে। এরপর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই ব্রিটিশ সাংবাদিক।

এক্সে দেওয়া পোস্টে মরগান লিখেছেন, ‘এটা মোটেও অবাক হওয়ার কিছু নয়। মেসি আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পরিপূর্ণ।’

মরগানের এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্ক। অনেকেই মনে করছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি সমর্থন দেখাতে গিয়ে মেসিকে ছোট করার চেষ্টা করেছেন। তার নির্বাচিত একাদশে জায়গা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো ও রোনালদো নাজারিওদের মতো তারকারা।

বিশেষ করে আর্জেন্টিনার সেরা হিসেবে মেসির বদলে দিয়েগো ম্যারাডোনাকে এগিয়ে রাখার বিষয়টি নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

যদিও ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করে, বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যক্তিগত অর্জনের কারণে লিওনেল মেসি ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের জায়গা নিশ্চিত করেছেন।

তবু, পিয়ার্স মরগানের এই মন্তব্য আবারও উসকে দিল মেসি-রোনালদো বিতর্ককে।