Home জাতীয় বাংলাদেশে গম রপ্তানি করতে চায় অস্ট্রেলিয়া

বাংলাদেশে গম রপ্তানি করতে চায় অস্ট্রেলিয়া

0

ঢাকা অফিস।।

অস্ট্রেলিয়া বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের সব নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলেও উল্লেখ করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।