আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। দুই মাসের বেশি সময় ধরে চলা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর তার সঙ্গে এই প্রথম কোনো শীর্ষ নেতার সাক্ষাতের তথ্য সামনে এলো।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মিজান নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে গালফ নিউজ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও রাষ্ট্র পরিচালনা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সর্বোচ্চ নেতার সঙ্গে আড়াই ঘণ্টার এই বৈঠকের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ‘এই বৈঠকে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো ইসলামী বিপ্লবের সর্বোচ্চ এই নেতার মুখোমুখি হওয়া।’
দীর্ঘ আলোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তার ধরন, দৃষ্টিভঙ্গি এবং মোকাবেলার পদ্ধতিতে ছিল বিশ্বাস, শান্ততা, সহমর্মিতা এবং সরাসরি সংলাপের ভিত্তিতে গড়ে ওঠা।’
তবে বৈঠকের সুনির্দিষ্ট কোন বিষয়ে আলোচনা হয়েছে কিংবা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
প্রসঙ্গত, ইসরায়েলি বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং কোনো ভিডিও বার্তাও প্রকাশ করা হয়নি।
দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার কারণে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।











































