Home খেলাধুলা টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু টি-২০ কাপ

টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু টি-২০ কাপ

20

ক্রীড়া প্রতিবেদক

করোনার দীর্ঘ বিরতির পর চলতি মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। ইতোমধ্যে সফলভাবে টুর্নামেন্টটি শেষ হয়েছে।
আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে একটি কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০। টুর্নামেন্টে পাঁচ দলের স্পন্সর চেয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) চেয়েছে বিসিবি। বুধবার (২৮ অক্টোবর) মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করে জানিয়েছেন বেশ ভালো সাড়াই পাওয়া যাবে।
প্রধান নির্বাহী বলেন, ‘অবশ্যই আশা করছি। যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে প্ল্যান তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে। এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা ৫ দলীয় টুর্নামেন্ট করবো। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে। ‘
প্লেয়ার ড্রাফট ও অন্যান্য বিষয় নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করে তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ‘

ম্যাচ ফিটনেসে বড় ঘাটতি দেখছেন জেমির সহকারী

ক্রীড়া প্রতিবেদক

দুই প্রবাসী ফুটবলারের একজন তারিক রায়হান কাজী ঢাকায় এসে রয়েছেন কোয়ারেন্টাইনে। আজ বৃহস্পতিবার ঢাকায় এসে কোয়ারেন্টাইনে যাবেন অধিনায়ক জামাল ভ্ূঁইয়াও। কোচ জেমি ডে এবং তার স্বদেশি সতীর্থদেরও স্বাস্থ্যবিধি মেনে কিছুদিন থাকতে হবে দল থেকে বিচ্ছিন্ন। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের যে অনুশীলন শুরু হয়েছে তা পূর্ণতা পেতে সময় লাগবে আরো কিছুদিন।
সাত মাসের অধিক সময় পর অনুশীলনে ফিরেছেন ফুটবলাররা। যে কারণে তাদের ফিটনেস পুরোপুরি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ কোচদের। জেমি ডে’র অনুপস্থিতিতে গত শনিবার থেকে খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন স্থানীয় তিন কোচ মাসুদ পারভেজ কায়সার, সৈয়দ গোলাম জিলানী ও মোস্তফা আনোয়ার পারভেজ। কোনোদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, কোনোদিন কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিটনেস ফিরিয়ে আনার কাজ করছেন স্থানীয় কোচরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ১১ ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন মঙ্গলবার। কিংসের ১৪ ফুটবলার প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও ইনজুরিতে থাকা মাসুক মিয়া জনি ও মতিন মিয়াকে কাবটি জাতীয় দলের ক্যাম্পে ছাড়েনি। চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা যোগ দেয়ার পর বুধবার সকালে ৩১ জনকে পেয়েছিলেন স্থানীয় কোচরা।
সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বলেছেন, ‘খেলোয়াড়দের বিপ টেস্ট নেয়া হয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়রাই বুঝতে পারে সে কোন পর্যায়ে আছে। কোচের পক্ষেও কাজ করতে সুবিধা হয় কিভাবে পরের সেশনগুলো পরিচালনা করবেন। ফিটনেস লেভেলটা শুধু রানিংয়ের ওপর নির্ভও করে না। এখানে ফুটবল বিষয়ক অনেক কিছু আছে। বসুন্ধরার খেলোয়াড়রা ট্রেনিং করলেও প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেনি। ম্যাচ ফিটনেস টোটালি আলাদা একটা বিষয়। ওই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। কারণ, ৭-৮ মাস কোনো ম্যাচ খেলা হয়নি। ম্যাচ ফিটনেস আনার জন্য আরো পরিশ্রম করতে হবে। কারণ, পরিপূর্ণ পর্যায়ে যায়নি।’

পিছিয়ে গেল বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি

ক্রীড়া প্রতিবেদক

আবার পিছিয়ে গেল বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। আগামী বছরের ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১০ জাতির এ টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশন আগামী জুনে এ টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দিয়েছে এশিয়ান হকি ফেডারেশনকে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা ২১ থেকে ৩০ জুন এ টুর্নামেন্ট করার কথা জানিয়েছি এশিয়ান হকি ফেডারেশনকে। তাদের ইচ্ছা এক মাস আগে ২১ থেকে ৩০ মে টুর্নামেন্ট আয়োজন করার। এখন তারা আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে মে বা জুনে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত জানাবে।’
অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট পিছিয়ে গেলেও মার্চে যথা সময়েই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ। যে কারণে কয়েক দিনের মধ্যে যুবদলের ক্যাম্প স্থগিত করে জাতীয় দলের ক্যাম্প শুরু করবে ফেডারেশন।
কয়েক দিন আগে নির্বাহী কমিটির সভা শেষে হকি ফেডারেশনের কর্মকর্তারা বলেছিলেন, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হকি ফেডারেশনেক জানিয়েছিল জানুয়ারিতে টুর্নামেন্ট করা সম্ভব কিনা সে সিদ্ধান্ত ডিসেম্বরে দেবে।
কিন্তু এক মাস আগে যদি সরকার টুর্নামেন্ট না করার সিদ্ধান্ত দেয় তখন বিপাকে পড়বে ফেডারেশন। যে কারণে তারা টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের টাইটেল কিনেছে বাংলাদেশ। এখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। প্রথমে এ টুর্নামেন্ট হওয়ার কথা এ বছর জুনে। পরে টুর্নামেন্ট পিছিয়ে নেয়া জানুয়ারিতে। এবার চলে গেল ২০২১ সালের জুনে।

শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

দ্য স্পোর্টস কাবের আয়োজনে শুরু হচ্ছে কেজ ফুটবল টুর্নামেন্ট ২০২০। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ফুড হলে টুর্নামেন্ট পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দ্য স্পোর্টস কাবের সভাপতি কাজী তানজিলুল সাদ, টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজুর রহমান, টুর্নামেন্টের কো চেয়ারম্যান এ আর মল্লিক রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাসুদুর রহমান মান্না।
টুর্নামেন্টের অংশগ্রহণকারী আটটি দল হলো ব্রান্ড সলিউশন, বাংলা ওয়ারিয়র্স, টিম লুজার্স, এম এ ট্রেডার্স এন্ড কিং অনলাইন সার্ভিস, রেভজল, অ্যালেক্স ইউনাইটেড, জেডএনই ফার্নিচার্স এন্ড ইন্টেরিয়র সলিউশন ও তেজগাঁও আশোরা৯৭।

নারী রোকবল প্রতিযোগিতা ৮ নভেম্বর শুরু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ রোকবল অ্যাসোসিয়েশন আয়োজনে ৮ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কাপ প্রথম নারী রোকবল প্রতিযোগিতা-২০২০।’ ৮টি দলের অংশগ্রহণে পল্টন মাঠে এই প্রতিযোগিতা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয় ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ পুলিশ রোকবল কাব, বাংলাদেশ আনসার, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, জিসান স্পোর্টিং কাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, পরাণ মকদুম স্পোর্টিং কাব ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। দুই গ্রুপে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল।

ক্যাম্পে যোগ দিলেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

আগামী নভেম্বর মাসে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন বাংলাদেশের ফুটবলাররা। করোনার দীর্ঘ বিরতির পর বাংলাদেশ শুরু করবে নতুন করে। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে খেলা জাতীয় দলের ফুটবলাররা।
গতকাল বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন তারা। যোগ দিয়েই বিপ টেস্ট দেন সব ফুটবলাররা। দীর্ঘ দিন অনুশীলন না করায় কেউই বিপ টেস্টে ভালো করতে পারেনি। এমনকি আগেই অনুশীলন শুরু করা বসুন্ধরা কিংসের ফুটবলাররাও ভালো করতে পারেনি। ফিটনেস আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই প্রধান কাজ বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সহকারী কোচ মাসুদ কায়সার।

শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

মাগুরা সদর উপজেলা পরিষদের শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রাফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, আগামী ১ নভেম্বর সদর উপজেলার আলোকদিয়া স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৩টি দল অংশ নেবে। উপজেলার আলোকদিয়া, রাউতাড়া, গাবতলা বাজার, শ্রীরামপুর, শত্রুজিৎপুর স্কুল মাঠে প্রথম ও দ্বিতীয় পর্বের খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আগামী ২১ নভেম্বর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ছয় মিনিটে দুই গোলে নাটকীয় ড্র রিয়ালের

ক্রীড়া প্রতিবেদক

দিন তিনেক আগে এল কাসিকোর মতো উত্তেজনার লড়াইয়ে হেসেখেলে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই দলটিকেই বড্ড বেশি অচেনা ঠেকল বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। দুই গোল খেয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল জিনেদিন জিদানের দল। সেখান থেকে শেষ ৬ মিনিটের ঝলকে মান বাঁচিয়েছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন দলটি।
মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মার্কাস থুরামের জোড়া গোলে ৫৮ মিনিটে ২-০তে পিছিয়ে পড়া রিয়াল ৮৭ মিনিটে করিম বেনজেমার গোলে আশা ফিরে পায়। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে সমতায় ফেরান কাসেমিরো। অথচ আক্রমণ আর বল দখলে প্রতিপক্ষ থেকে বেশ এগিয়েই ছিল রিয়াল। কিন্তু ভালো কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। এর মধ্যেই ম্যাচের ৩৩ মিনিটে এক গোল হজম করে বসে জিদানের দল। ডান দিক থেকে সতীর্থের কোনাকুনি পাস ডি-বক্সে পেয়ে জোরালো এক শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড থুরাম। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় মনশেনগ্লাডবাখকে আবারও আনন্দে ভাসান তিনিই। আলেসান প্লার নিচু শট ঝাঁপিয়ে ঠেকালেও ধরে রাখতে পারেননি গোলরক্ষক থিবো কোর্তোয়া, আলগা সেই বল পেয়ে সহজেই গোল করেন থুরাম। দুই গোলে পিছিয়ে পড়ে যেন দিশেহারা হয়ে পড়ে রিয়াল। অগোছালো ফুটবল খেলতে থাকে। গোল আরও পেতে পারতো মনশেনগ্লাডবাখ। কিন্তু কোর্তোয়ার কয়েকটি সেভ আর ভাগ্য বাঁচিয়ে দেয় রিয়ালকে। ম্যাচ তখন প্রায় শেষের পথে। রিয়াল শিবিরে আশার সঞ্চার করেন বেনজেমা। ৮৭তম মিনিটে কাসেমিরোর হেড থেকে অনেকটা বাইসাইকেল কিকের ভঙ্গিমায় ব্যবধান কমান ফরাসি ফরোয়ার্ড। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল পেয়ে যান কাসেমিরো নিজেই। ডান দিক থেকে লুকা মদ্রিচের ক্রসে হেড করে রামোস বল দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। আলতো টোকায় গোল করতে ভুল করেননি কাসেমিরো। তাতেই ২-২ গোলের নাটকীয় এক ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

লিভারপুল-ম্যানসিটির সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগে সহজ জয় পেয়েছে ইংলিশ দুই কাব লিভারপুল আর ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে মিউজিল্যান্ডকে। ৩-০ গোলে মার্শেইকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।
ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুর একাদশে মোহামেদ সালাহ, সাদিও মানে আর রবার্তো ফিরমিনোকে খেলাননি জার্গেন কপ। প্রথমার্ধে লিভারপুলকে বেশ অচেনাই ঠেকেছে। গোলশূন্য বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়েগো জোতা। জেরদান শাচিরি ডি-বক্সের ডান দিকে পাস দেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে। তার বাড়ানো বল সহজেই জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। এর পাঁচ মিনিট পর সালাহ ও মানেকে একসঙ্গে বদলি হিসেবে নামান কোচ, পরে নামানো হয় ফিরমিনোকেও। তারপরও দাপট দেখিয়ে খেলতে পারছিল না লিভারপুল। তবে যোগ করা সময়ে তারা একটি পেনাল্টি পায়। যা থেকে ব্যবধান ২-০ করেন সালাহ।
এদিকে ফরাসি কাব মার্শেইয়ের মাঠে দাপুটে জয়ই পেয়েছে ম্যানসিটি। ৩-০ জয় পাওয়া ম্যাচের বল পজিশন, শট সবকিছুতেই এগিয়ে ছিল তারা। ১৮ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে নেন ফার্নান্দো তোরেস। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় ব্যবধান ২-০ করেন গুন্দোগান। এর পাঁচ মিনিট পর শিবিরে ফের উৎসব ছড়ান রহিম স্টার্লিং। শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি। এটি চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে তাদের টানা দ্বিতীয় জয়।

অবশেষে বার্সা সভাপতি বার্তোমেউর পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে পদত্যাগ করলেন স্প্যানিশ কাব বার্সেলোনার বোর্ড সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। নানামুখী চাপে শেষ পর্যন্ত তাকে লিওনেল মেসিদের কাবের প্রধান কর্তার পদ থেকে সরে দাঁড়াতে হলো। স্পেনের সময়ানুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর তিনি পদত্যাগ করেন। তার সঙ্গে পদত্যাগ করেন পরিচালকরাও।
এক মৌসুমে দু’বার কোচ বদল, লিওনেল মেসি ট্রান্সফার ঠেকিয়ে দেয়া, ট্রফিলেস ২০১৯-২০ মৌসুম, অদূরদর্শী ট্রান্সফার, কাবের বেসামাল অর্থনীতি, অভ্যন্তরীণ সমস্যাসহ নানা জটিলতায় গত কয়েক বছরে তিনি বার্সেলোনার বিষ ফোঁড়ায় পরিণত হন। তার বিরুদ্ধে অনাস্থা ভোটও সংগ্রহ করছিলেন আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। তবে সেটির শেষ দেখার অপেক্ষা করলেন না বার্তোমেউ।

ফিফা সভাপতি করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন সভাপতি ইনফান্তিনো।
৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনার কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। আগামী ১০ দিন তিনি কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছে ফিফা। গত ১৬ অক্টোবর সর্বশেষ প্রকাশ্যে এসেছিলেন ইনফান্তিনো। ফিফার একটি সম্মেলনে সেখানে প্রায় সবাই উপস্থিত ছিলেন।

তৃতীয়বারও পজিটিভ রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস ছাড়ছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। একের পর এক পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসছে তার। এ কারণে চ্যাম্পিয়ন্স লিগে
মঙ্গলবার বিকেলেই জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো জানিয়েছেন, তিনি রোনালদোর করোনা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। যদি রেজাল্ট পজিটিভ আসে এবং সম্ভব হয়, তাহলে রোনালদোকে নিয়েই একাদশ সাজাতে চান। কিন্তু পিরলোর সেই আশার গুড়ে বালি। রোনালদোকে করোনা ছাড়েনি। রোনালদোর প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছিল ১৩ অক্টোবর। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে যাওয়ার পরই তিনি করোনা আক্রান্ত হলেন। এরপরই সেলফ আইসোসেশনে চলে যান তিনি। এর মধ্যে গত ২২ অক্টোবর আরও একবার পরীক্ষা করা হয়েছিল রোনালদোর। সে পরীক্ষায়ও তার করোনা রিপোর্ট এসেছিল পজিটিভ। ২৮ অক্টোবর পরীক্ষায়ও পজিটিভ এলেন তিনি।

দুই বছর নিষিদ্ধ কোলম্যান

ক্রীড়া প্রতিবেদক

তিনবার ডোপ পরীক্ষায় অংশ নেননি ক্রিস্টিয়ান কোলম্যান। এই অভিযোগে গত জুন মাসে সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন ১০০ মিটারের এই বিশ্ব চ্যাম্পিয়ন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবার তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকসের ইনটিগ্রিটি ইউনিট। এ নিষেধাজ্ঞার ফলে আগামী বছরের টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না ২৪ বছর বয়সী এই মার্কিনি।
কোলম্যান সর্বশেষ ২০১৯ সালে দোহায় ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন। ওই একই বছর ডিসেম্বরে তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হন তিনি। দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেলেও এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য কোলম্যানের হাতে ৩০ দিন সময় আছে। তার প্রতিনিধি ইমানুয়েল হাডসন জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন কোলম্যান।

প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল ওয়ার্নাররা

ক্রীড়া প্রতিবেদক

শর্ত ছিল আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দিল্লিকে হারাতেই হবে। আর সেই শর্ত মেনে ৮৮ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে লড়াইয়ে টিকে থাকল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ঋদ্ধিমান সাহা, ডেভিড ওয়ার্নার আর মনিশ পান্ডের ঝোড়ো ইনিংসে স্কোরবোর্ডে ২১৯ রান তোলে হায়দরাবাদ। আর বল হাতে রশিদের ভেলকি। তাতেই দিল্লি বধ হায়দরাবাদের।
আইপিএলে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান সাহা। ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। আর ৪৫ বলে ৮৭ রান করেন ঋদ্ধি। ১৩ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। আর ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন মনিশ পান্ডে। ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে হায়দরাবাদ ২১৯ রান তোলে। ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। রিশাব পান্ত ৩৬, অজিঙ্কা রাহানে ২৬ করেন। আর তুষার দেশপান্ডে ২০ রানে অপরাজিত থাকেন। বল হাতে ভেলকি দেখালেন রশিদ খান। ৪ ওভারে ৭ রান দিয়ে নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং টি নটরাজন। ১৯ ওভারেই ১৩১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লিকে ৮৮ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকল সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পাওয়ায় এদিন কিপিং করেননি ঋদ্ধিমান। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ অবস্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি আছে তৃতীয় অবস্থানে।