Home খেলাধুলা পেশোয়ারের রেকর্ড জয়ের দিনে দুর্দান্ত নাহিদ রানা

পেশোয়ারের রেকর্ড জয়ের দিনে দুর্দান্ত নাহিদ রানা

4

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ঘুরে দাঁড়াতে সময়ই নিলেন না নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন এ টাইগার পেসার। ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ৭ রানের খরচে নিলেন ৩ উইকেট। নাহিদ রানার ২৪ বলের মধ্যে ২০টিতেই কোনো রান নিতে পারেননি করাচি কিংসের ব্যাটাররা। অল্প রানের খরচে ১ উইকেট নিলেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম।

নাহিদ রানার জ্বলে ওঠার ম্যাচে ১৫৯ রানের জয় তুলে নিলো পেশোয়ারও। রানের হিসেবে পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটিই।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৪৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার। রান তাড়ায় নাহিদদের দুর্দান্ত আক্রমণে স্রেফ ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি। অফ স্পিনে ৯ রানে নাহিদের মতো ৩ উইকেট নেন পাকিস্তানের ইফতিখার আহমেদও। ৩ ওভারে ২৩ রানের খরচে ১ উইকেট নেন শরিফুল। তিনি সবগুলো ওভারই করেন পাওয়ার প্লেতে। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে দারুণ এক ডেলিভারিতে করাচি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরান শরিফুল। সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হওয়ার পর এদিনই প্রথম ম্যাচে নামেন অস্ট্রেলিয়ান তারকা। নিজের প্রথম ওভারে ৪ রান দেয়া শরিফুল দ্বিতীয় ওভারে দেন ১১ রান। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন নাহিদ। প্রথম চার বলে কোনো রানই নিতে পারেননি আজম খান। পঞ্চম বলে নেন একটি সিঙ্গেল। ওই একটিই রান আসে এ ওভার থেকে। পাওয়ার প্লের শেষ ওভারে ৮ রান দেন শরিফুল। নিজের দ্বিতীয় ও ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেট নেন নাহিদ। এ ওভার থেকে আসে ৬ রান। চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে কোনো রান না দিয়েই খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে তুলে নেন এ ডানহাতি পেসার। নিজস্ব কোটার শেষ ওভারে স্রেফ ১ রান দেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো করাচি স্রেফ ১৬.১ ওভারেই গুটিয়ে যায়। আগের দিন পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি নাহিদ।

গেইলের রেকর্ড এখন বাবরের পেশোয়ারের হয়ে আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের ১০৯ রানের ইনিংসের পাশাপাশি অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন বাবর আজম। ব্যক্তিগত ১৩ রান যোগ করতেই এদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানের তারকা ব্যাটার ভাঙেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড।

পাকিস্তানের স্রেফ দ্বিতীয় ও বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ১২ হাজার বা তার বেশি রান করলেন বাবর। মাইলফলক স্পর্শ করতে তার লাগলো ৩৩৮ ইনিংস। রেকর্ডটি গেইল গড়েন ৩৪৩ ইনিংসে, বিরাট কোহলির লাগে ৩৬০ ইনিংস। বাবরের আগে পাকিস্তানি হিসেবে ১২ হাজার রানে পৌঁছান শোয়েব মালিক।