খুলনাঞ্চল রিপোর্ট।।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত একটি কলম সৃদশ ‘পেনগান’ অস্ত্র নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোয়েন্দাদের মধ্যে। কীভাবে ক্ষুদ্রাকৃতির এই প্রাণঘাতী পিস্তল সন্ত্রাসীদের হাতে পৌঁছাল, কোন দেশ থেকে এলো, কত সংখ্যক এই অস্ত্র বাংলাদেশে রয়েছে তা নিয়ে পুুলিশ ও গোয়েন্দারা নানামুখী তদন্ত শুরু করেছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী একটি দেশ হয়েই এই অস্ত্র বাংলাদেশে ঢুকেছে। যা হাতবদল হয়ে পৌঁছে গেছে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি গ্রুপগুলোর সদস্যদের হাতে। এ অস্ত্র এখন মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
পুলিশের সাবেক আইজি মো. আশরাফুল হুদা বলেন, এই ক্ষুদ্রাকৃতির অস্ত্র জননিরাপত্তার জন্য বড় হুমকি। এ ছাড়া ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। এমন প্রেক্ষাপটে এ ধরনের অস্ত্র কীভাবে দেশে এলো তা খুঁজে বের করতে হবে। দেশে তৈরি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এ ধরনের অস্ত্র উদ্ধারে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাতে এ অস্ত্র কোনো প্রাণ সংহার বা অপরাধে ব্যবহার হতে না পারে।
২০২৪ সালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কলকাতায় খুন হওয়ার পর খুলনার শীর্ষ চরমপন্থি নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর তার মোবাইল ঘেঁটে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা প্রাণঘাতী পেনগান অস্ত্রের একটি ভিডিও দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদে শিমুল ভূঁইয়া তখন বলেছিল এই অস্ত্র দিয়েও মানুষ হত্যা করা যায়। এটি চোরাচালানের মাধ্যমে চরমপন্থি সদস্যদের হাতে পৌঁছে যাচ্ছে। কিন্তু তখন কোনো অস্ত্র উদ্ধার না হওয়ায় এ নিয়ে আর পুলিশের তদন্ত বেশিদূর এগোয়নি। গত ৩ এপ্রিল যুবদল নেতা রাসেলকে নয়াবাজারের একটি বাসায় ডেকে নিয়ে গুলি করা হয়।
এতে গুরুতর আহত হন রাসেল। এ ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে সন্দেহভাজন সোহেল ওরফে কাল্লু এবং সাইমনকে গ্রেপ্তার করা হয়। পরে কাল্লুর তথ্যানুযায়ী কেরানীগঞ্জের একটি বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় একটি সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো ৫টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় পেনগানটি। কাল্লু ৮০ হাজার টাকা দিয়ে আরেক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্রটি কেনেন বলে গোয়েন্দা পুলিশকে জানান। এরপরই বিক্রেতাকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। গতকালও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়েছে। পাশাপাশি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা গুপ্ত এই অস্ত্রটির চোরাচালান রুট অনুসন্ধান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের হাতে উদ্ধারকৃত কলম-পিস্তল আরও আছে বলে তাদের কাছে তথ্য আসছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকজন রাজনৈতিক ক্যাডারের কাছে এই অস্ত্র ছিল। কিন্তু সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যাওয়ায় সেসব অস্ত্র কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা অজানাই থেকে যাচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম জানান, পেনগানের উৎসের সন্ধান করতে তাদের নানামুখী তদন্ত অব্যাহত রয়েছে। চলছে এই অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে টানা অভিযান।
একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, তারা ভয়ংকর প্রাণঘাতী এই অস্ত্রের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করতে একটি গোপন প্রতিবেদন দাখিল করবেন সরকারের কাছে। যাতে ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা আরও জোরদার করা যায়।
জানা গেছে, পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা হত্যাচেষ্টায় ব্যবহার করা অস্ত্রটি দেখতে অবিকল একটি কলম। কিন্তু এতে লুকিয়ে আছে দশমিক ২২ ক্যালিবারের বুলেট। ওপরে পুশ-বাটন এবং সামনে সুচালো নিব থাকা এই ‘পেনগান’ বা কলম-পিস্তল সাধারণ মানুষের চোখে নির্দোষ, তবে অপরাধীদের কাছে এটি এক প্রাণঘাতী হাতিয়ার।
দেখতে সাধারণ কলমের মতো হলেও, এটি বহন করে প্রাণঘাতী ঝুঁকি। সহজে লুকিয়ে রাখা যায়, সাধারণ বস্তু মনে হওয়ায় নজরদারির বাইরে রাখা যায়, এমন বৈশিষ্ট্যের কারণে এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। খুব কাছে থেকে টার্গেট কিলিং বা পরিকল্পিত হামলায় এই অস্ত্র ব্যবহার করা যায়। ফলে ভিড়পূর্ণ জায়গা, রাজনৈতিক সমাবেশ বা ব্যক্তিকে লক্ষ্য করে হামলায় এটি ব্যবহার করা হলে আগাম শনাক্ত করা কঠিন হতে পারে।
জানা গেছে, দক্ষিণ এশিয়ায় ভারতের কিছু অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্রের মধ্যে পেনগানও দেখা গেছে। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের কিছু অবৈধ অস্ত্র কারখানায় ছোট আকারের এমন অস্ত্র তৈরি হওয়ার অভিযোগ রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকবার পেনগান উদ্ধার হয়েছে।
২০২২ সালে উত্তরপ্রদেশে সন্ত্রাসবিরোধী ইউনিটের অভিযানে একটি অস্ত্র চোরাচালান চক্রের কাছ থেকে পেনগান উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, অপরাধীরা এটি গোপনে বহন করে টার্গেট হামলায় ব্যবহার করার পরিকল্পনা করেছিল। এ ছাড়া ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের অস্ত্রভাণ্ডার থেকেও পেনগান উদ্ধার হওয়ার ঘটনা রয়েছে।











































