Home আঞ্চলিক প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বিদায় দিলেন শিক্ষার্থী ও এলাকাবাসী

প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানে বিদায় দিলেন শিক্ষার্থী ও এলাকাবাসী

4

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

টানা ২৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকী। তবে এই বিদায় সাধারণ কোনও অনুষ্ঠান ছিল না। প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে রাজকীয় সম্মানে বিদায় জানিয়েছে তার শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (২২ মার্চ) তাকে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে শোভাযাত্রার মাধ্যমে সসম্মানে বাড়ি পৌঁছে দেয়া হয়।

রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী শিক্ষক মো. মিজানুর রহমান লাকী আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সৎভাবে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমরা দেশ ও সমাজের জন্য কাজ করবে-এটাই আমার শেষ প্রত্যাশা।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক জনি আহমেদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, মিজানুর রহমান স্যার তাদের কাছে কেবল একজন শিক্ষক ছিলেন না, ছিলেন ছায়ার মতো এক অভিভাবক। আরেক শিক্ষার্থী রাউফীল জানান, স্যারের কাছে তারা পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার পাঠ নিয়েছেন। প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তারা এই ব্যতিক্রমী ‘ঘোড়ার গাড়ি’র বিদায় সংবর্ধনার পরিকল্পনা করেন।


সংবর্ধনা শেষে ফুল দিয়ে সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে করে মো. মিজানুর রহমান লাকীকে তার বাসভবনে পৌঁছে দেয়া হয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে গ্রামের সাধারণ মানুষ হাত নেড়ে ও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। ব্যতিক্রমী এই আয়োজনটি পুরো এলাকাজুড়ে ব্যাপক ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, মো. মিজানুর রহমান লাকী ২০০৩ সালে এই বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন।