Home খেলাধুলা পরে শুরু করেও পারছে পাকিস্তান, পারে না শুধু বাংলাদেশ

পরে শুরু করেও পারছে পাকিস্তান, পারে না শুধু বাংলাদেশ

13


স্পোর্টস ডেস্ক।।

অনেক যন্ত্রণা ও প্রশ্ন নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশতম আসর বসছে আজ। সিলেটপর্ব দিয়ে বিসিবির এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ নিজেদের সরিয়ে নিয়েছে। অগত্যা চট্টগ্রামের দায়িত্ব নিতে হয়েছে বিসিবিকে।


এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় মোহাম্মদ নাঈমকে কিনেছে চট্টগ্রাম। এর মানে, নাঈমসহ দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের বেতনসহ আনুষ্ঠানিক অন্যান্য সব খরচ মেটাতে হবে বিসিবিকে।

বোর্ডের জন্য এটা একটা বড় শিক্ষা যে, এতদিনেও বিপিএলকে সঠিক পথে আনতে পারল না বিসিবি। বিপিএল শুরু হয় ২০১২ সালে। চার বছর পর ২০১৬তে যাত্রা শুরু করে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। নয় বছরে পা দিয়ে পিএসএলের আসন্ন আসরের জন্য পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) এবার ১২টি ফ্র্যাঞ্চাইজির বিড পেয়েছে প্রাথমিকভাবে। চূড়ান্ত বিডিং হবে ৮ জানুয়ারি। পিসিবি নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য টেন্ডার দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য ১২টি টেন্ডার জমা পড়েছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবার পিএসএলের ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বিসিবির জন্য লজ্জার যে, ছয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএলের আয়োজন করতেই তারা গলদ্ঘর্ম হচ্ছে। পিসিবি পারলে বিসিবি পারবে না কেন।