Home খেলাধুলা বিপিএলের উদ্বোধনী ম্যাচে শান্তর সেঞ্চুরিতে বড় জয় রাজশাহীর

বিপিএলের উদ্বোধনী ম্যাচে শান্তর সেঞ্চুরিতে বড় জয় রাজশাহীর

8


স্পোর্টস ডেস্ক।।

বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়িয়েছে । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট টাইটান্সের মুখোমুখি হয়রাজশাহী ওয়ারিয়র্স। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে স্বাগতিক সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে সিলেট।

সিলেট টাইটান্সের হয়ে ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ চারের মারে ৬৫ রানে অপরাজিত ছিলেন ইমন। এছাড়া রনি তালুকদার ৪১, আফিফ হোসেন ৩৩ আর সাইম আইয়ুব ২৮ রান করেন। রাজশাহীর হয়ে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন সন্দ্বীপ লামিচানে। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব।

১৯১ রানের বড় লক্ষ্য সামনে রেখে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ৮ বলে ১০ রান করে দলীয় ১৯ রানে আউট হন তানজিদ হাসান তামিম। শাহিবজাদা ফারহানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ২০ রান করে দলীয় ৬২ রানে আউট হন ফারহান। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ধীরে ধীরে হয়ে ওঠেন আগ্রাসী। ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় তুলে নেন ফিফটি। এরপর আরও মারকুটে হয়ে ওঠেন রাজশাহীর অধিনায়ক। তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিক।

অধিনায়ক শান্ত ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন । শেষ পর্যন্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। বিপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে মিরাজ ও খালেদ ১টি করে উইকেট পান।