Home খেলাধুলা লিভারপুল, সিটির জয়ের দিন হোঁচট চেলসির

লিভারপুল, সিটির জয়ের দিন হোঁচট চেলসির

14


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লীগে গোলযাত্রা অব্যাহত রাখলেন আর্লিং ব্রুট হালান্দ। ইত্তিহাদে শনিবার হালান্দের জোড়া গোলের দিন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। এদিন প্রিমিয়ার লীগে গোলসংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ান হালান্দ। একই দিন ৯ জনের টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় লিভারপুল। অন্যদিকে, নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে চেলসি।

ঘরের মাঠে পঞ্চম মিনিটে সিটিকে এগিয়ে নেন হালান্দ। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে দশমবারের মতো দলকে এগিয়ে নিলেন এ নরওয়েজিয়ান তারকা। এ মৌসুমে আর কেউই নিজ দলের হয়ে পাঁচটির বেশি ম্যাচে প্রথম গোল করতে পারেননি। তিয়ানি রেইনডারসের গোলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। মাঠে ফিরে ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের শেষ গোলটি করেন ২৫ বছর বয়সী হালান্দ। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লীগে ২৩৬ ম্যাচে ১০৩ গোল করেন অলরেডদের পর্তুগিজ কিংবইদন্তি সিআরসেভেন। রোনালকে হালান্দ টপকালেন ১১৪ ম্যাচেই। চলতি মৌসুমে লীগে সবার উপরে থাকা হালান্দের গোল হলো ২৩ ম্যাচে ২৫টি।
দিনের অন্য ম্যাচে লিভারপুলের বিপক্ষে বিরতির আগেই ১০ জনে পরিণত হয় টটেনহ্যাম। ঘরের মাঠে ৩৩তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শাবি সিমন্স। বিরতি থেকে ফিরে অলরেডদের এগিয়ে নেন আলেক্সান্ডার ইসাক। পরে ব্যবধান বাড়ান হুগো একিটিকে। শেষ দিকে এক গোল শোধ দেন স্পার্সের রিচার্লিসন। যোগ করা তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিকদের ক্রিস্টিয়ান রোমেরো। ম্যাচে সাকুল্যে সাতটি হলুদ ও দুটি লাল কার্ড দেখান রেফারি।


অন্য ম্যাচে, চেলসির বিপক্ষে ঘরের মাঠে প্রথমে দুই গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। বিরতির আগে দু ’টি গোলই করেন দলের জার্মান ফরোয়ার্ড নিক ভল্টেমাডে। মাঠে ফিরে রিস জেমস ও জোয়াও পেদ্রোর গোলে সমতায় ফিরলেও, পরের জয়সূচক গোলটি পায়নি সফরকারী ব্লুরা। মাঝে স্বাগতিকরা একবার পেনাল্টি জোরাল দাবি তুললেও, ভিডিও অ্যাসিট্যান্ট রেফারিতে (ভিএআর) দেখে তাতে সাড়া দেননি মাঠ রেফারি। বিষয়টি নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করেন নিউক্যাসেল কোচ এডি হাউ।