Home খেলাধুলা জন্মদিনে রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

জন্মদিনে রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

7


স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের ঘরের মাঠের জয়ে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে তিনি ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৫৯তম গোলটি করেন। নিজের ২৭তম জন্মদিনে এমন কীর্তি গড়ে উদযাপনটা আরও স্মরণীয় করে তুললেন ফরাসি তারকা।

ম্যাচে এমবাপ্পে এর আগে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত সময়ের চার মিনিট আগে পেনাল্টি থেকে ভুল করেননি। এর মাধ্যমে তিনি ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর করা ৫৯ গোলের রেকর্ডে পৌঁছান।

এর আগে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে জুড বেলিংহ্যাম হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। ম্যাচের ৬৮তম মিনিটে সেভিয়ার মারকাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। তবে রিয়ালকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, যিনি একাধিক নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন।

এই জয়ের পর ৪২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে, যারা রোববার তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের মাঠে খেলবে। অন্যদিকে, ২০ পয়েন্ট নিয়ে সেভিয়া রয়েছে নবম স্থানে।