ঢাকা অফিস।।
রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি)তে মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে।
হাসপাতালে উপস্থিত এনিসিপির এক নেতা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে ওসমান হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সিএমএইচে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার জন্য সিএমএইচে নেয়া যাচ্ছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওসমান হাদিকে সিপিআর দেয়া হয়। এতে প্রেসার একটু ভালো হয়। পরে তার মাথার সিটিস্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায়। তাকে নিউরো- সার্জারি বিভাগের ওটিতে নেয়া হয়।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার কাজে যোগ দেয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিট ৫৫ সেকেন্ডে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সহকর্মীদের সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরসাইকেলে দুজন মুখে মাস্ক ও হেলমেট পরে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। গুলিটি তার কান ভেদ করে মাথারে ভেতরে ঢুকে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের চিকিৎসা চলছে। তবে কী কারণে, কারা তাকে গুলি করেছে তা এখনই বলা যাচ্ছে না।











































