খুলনা ওয়াসায় ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্প নিয়ে গুমোট পরিস্থিতি
স্টাফ রিপোর্টার।।
খুলনায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)-এর জন্য ২,৫৯৮৫৯,৯৭ লাখ টাকা (প্রায় ২ হাজার ৫৯৮ কোটি টাকা) প্রশাসনিক অনুমোদন দিয়েছে। ৯ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। তবে বিশাল বরাদ্দের এই প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকে কেন্দ্র করে খুলনা ওয়াসায় তদ্বিরবাজি ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে, যা পুরো ওয়াসার ভেতরে অস্থিরতা তৈরি করেছে।
পিডি নিয়োগে রাজনৈতিক তদ্বির ও প্রভাব বিস্তারের অভিযোগ: ওয়াসার ভেতরের একাধিক সূত্র জানায়, একজন প্রভাবশালী প্রকৌশলীকে নিয়ম বহির্ভূতভাবে পিডি করার লক্ষ্যে তদ্বির চলছে। অভিযোগ—তিনি আওয়ামী ঘরানার রাজনীতির ‘গণভবন-সংযোগ’ ব্যবহার করে দীর্ঘদিন সুবিধা নিয়েছেন এবং এখন আবার সাবেক ছাত্রশিবির পরিচয় ব্যবহার করে বিভিন্ন মহলে সুবিধা নিতে চাইছেন। ওয়াসাভবনে প্রচার রয়েছে, প্রায় ৫ কোটি টাকার ‘মিশন’ নিয়ে একটি চক্র সক্রিয় হয়েছে, যারা পিডি নিয়োগে ভূমিকা রাখার চেষ্টা করছে। এ অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে ওয়াসার নতুন বোর্ড সদস্য ইব্রাহিম খলিল, যিনি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে বোর্ডে যোগ দেন। আরও অভিযোগ আছে প্রভাবশালী প্রকৌশলী রেজাউল করিম পূর্বে আইইবি নির্বাচনে আওয়ামী-ঘরানার প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

নতুন এমডির দপ্তরে গিয়ে চাপ প্রয়োগের অভিযোগ: ১০ ডিসেম্বর ওয়াসার নতুন এমডি মোহাম্মদ কামরুজ্জামান যোগদান করেন। তার পরদিন ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালেই ওয়াসাভবনে হাজির হন বোর্ড সদস্য ইব্রাহিম খলিল। সঙ্গে ছিলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম, খুলনা-১ আসনে এনসিপি মনোনয়নপ্রাপ্ত অহিদুজ্জামান, আলিফ, আরিয়ান, সাব্বির ও সাইম। অভিযোগ—তারা এমডির কক্ষে গিয়ে নিয়োগ-পদোন্নতি ও বিশেষভাবে পিডি নিয়োগের বিষয়ে চাপ প্রয়োগ করেন। ওয়াসার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও নাম প্রকাশ না করার শর্তে একথা নিশ্চিত করেছেন। ইব্রাহিম খলিল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন— “আমরা নতুন এমডিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। নির্বাচনী এলাকার ওয়াসা-সংক্রান্ত কিছু বিষয় জানিয়েছি, এর বেশি কিছু নয়।”

ঢাকা থেকে ‘সমন্বয়ক’সহ পাঁচজনের গোপন বৈঠক: গতকাল ১১ ডিসেম্বর সকাল ৯টা ৩৫ মিনিটে ওয়াসায় প্রবেশ করেন ঢাকার একজন আলোচিত ‘সমন্বয়ক’ ও একটি নতুন রাজনৈতিক দলের নারী নেত্রী নুসরাত তাবাস্সুম নেতৃত্বে পাঁচজনের একটি দল। তারা ওয়াসা এমডির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন, যা এক ঘণ্টার বেশি স্থায়ী হয়। অভিযোগ—এ সভায় তারা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে সংশ্লিষ্ট প্রকৌশলীর ফাইল প্রসেস করতে চাপ দেন। ফলে কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।
গ্রেড-সংক্রান্ত জটিলতা সত্ত্বেও পিডি করার পায়তারা: মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী— পিডি হতে হলে ৪র্থ গ্রেডের প্রকৌশলী হতে হবে। কিন্তু যাকে পিডি করার জন্য তদ্বির চলছে তিনি ৬ষ্ঠ গ্রেডের। আরো অভিযোগ আছে তাকে দ্রুত পদোন্নতি দিয়ে পিডি বানানোর চেষ্টা করা হচ্ছে, যা নিয়ম বহির্ভূত ও প্রশ্নবিদ্ধ।
নতুন এমডি মো. কামারুজ্জামান এ বিষয়ে বলেন— “এডিপির বিধিবদ্ধ প্রক্রিয়ার কারণে আগে থেকেই পিডি নিয়োগ, টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হয়। আমি যোগদানের আগেই মন্ত্রণালয়ে আলোচনা ছিল। খুলনা ওয়াসার জনবল কাঠামো অনুযায়ী চারজনের নাম পাঠানো হয়েছে। নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ মন্ত্রণালয়ের।” তবে চাপ প্রয়োগ হয়েছে কি না—এ প্রশ্নে তিনি কৌশলে মন্তব্য এড়িয়ে যান।
অস্থিরতা-উদ্বেগ বাড়ছে খুলনা ওয়াসায়: ওয়াসার কর্মকর্তারা জানান, “কোনো ফ্যাসিস্ট বা বিতর্কিত ব্যক্তিকে যদি জোর করে পিডি করা হয়, তাহলে ওয়াসাভবন বিক্ষোভে ফেটে পড়বে।” এদিকে ফেজ-২ প্রকল্পের বিশাল অর্থ বরাদ্দের প্রেক্ষাপটে পিডি নিয়োগ নিয়ে যে তদ্বিরচক্র সক্রিয় হয়েছে, তা খুলনা ওয়াসাকে গুমোট পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অনেকে বলছেন—এ অবস্থায় যেকোনো মুহূর্তে ক্ষোভ বিস্ফোরিত হতে পারে।











































