স্টাফ রিপোর্টার।।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে রক্তাক্ত অক্টোবর-মাত্র নয় দিনে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় সংঘটিত হয়েছে ছয়টি হত্যাকাণ্ড। খুনের ঘটনায় এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক ও উদ্বেগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও অপরাধের লাগাম টানতে পারছে না কেউ।
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ খান ওই এলাকার বক্কর কলোনির বাসিন্দা।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা ধারালো অস্ত্র দিয়ে সবুজ খানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এই হত্যাকাণ্ডসহ অক্টোবরের প্রথম নয় দিনে খুলনায় চারটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
যশোরে মাদককারবারিদের আঘাতে ইজিবাইকচালক নিহত: একই দিন সকালে যশোর সদরের ডাকাতিয়া গ্রামে মাদককারবারি ও চোর সিন্ডিকেটের হামলায় নিহত হয়েছেন চঞ্চল গাজী (৩০) নামে এক ইজিবাইকচালক। এ ঘটনায় তার বাবা, মা, ভাইসহ সাতজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি যাওয়া ইজিবাইক ফিরিয়ে দিতে বলায় রবিউল গাজী ও তার সহযোগীরা চঞ্চল ও তার পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চল মারা যান।
পুলিশ তিনজনকে হেফাজতে নিয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ও চুরি সিন্ডিকেট চালিয়ে আসছে।
কুষ্টিয়ায় চেয়ারম্যান হত্যা মামলার শুটার গ্রেফতার: অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার শুটার লালন ওরফে ‘শুটার লালন’কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে।
ওসি সোলাইমান শেখ জানান, শুটার লালন স্থানীয় টুকু বাহিনীর সদস্য এবং সেন্টু চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
আতঙ্কে জনজীবন, বাড়ছে প্রশ্ন: খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত একই অঞ্চলে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকা সত্ত্বেও অপরাধের এই প্রবণতা থামছে না।
অভিজ্ঞ মহল মনে করছেন, এলাকায় প্রভাবশালী সন্ত্রাসী ও মাদকচক্রের দৌরাত্ম্য, বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক ছত্রচ্ছায়াই এসব হত্যার মূল কারণ।











































