স্টাফ রিপোর্টার।।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছেন ফারিয়া শাহরিন। এবার দীর্ঘদিন পর শুরু হয়েছে এ সিরিজ। তবে প্রথম পর্বগুলোতে নেই তিনি। অনেকেই বিষয়টিতে আহত হয়েছেন। অনেকে জানিয়েছেন, ‘অন্তরা’ চরিত্রটিকে মিস করছেন তারা। তবে ফারিয়া আগেই জানিয়েছিলেন এবারের ‘ব্যাচেলর পয়েন্ট-সিজন ফাইভ- এও তাকে দেখা যাবে। এদিকে এবার সিরিজটিতে যুক্ত হলেন তিনি। এরইমধ্যে শুটিং-ডাবিংও শেষ হয়েছে। দ্রুতই ফারিয়ার পর্বগুলো প্রচারে আসতে চলেছে। এ অভিনেত্রী জানান, গত দুই বছর কোনো কাজ করেননি, কারণ তার লক্ষ্য ছিল একটাই, ভালো একটি কাজ করা। ফারিয়া বলেন, আমি কখনো অনেক অনেক কাজ করতে চাইনি, দর্শক পছন্দ করবে এমন কাজ করতে চেয়েছি। আর গত দুই বছর শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। কাজের জন্য সবাই আমাকে প্রশ্ন করতো, কেন কাজ করছো না? এবার বলতে পারছি যে আমি ফিরছি। ফারিয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন থ্রি থেকে অন্তরার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। এবারের সিজনে অভিনয় বিষয়ে ফারিয়ার ভাষ্য- অনেক চমক অপেক্ষা করছে। এরই মধ্যে সিজনটি জমে উঠেছে। তবে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার অভিনীত পর্ব কবে থেকে প্রচারে আসবে। তাদের জন্য বলছি- দ্রুতই অপেক্ষার অবসান হচ্ছে। সামনেই দেখা মিলবে আমার। এটা আমার জন্যও কিন্তু একটা দীর্ঘ অপেক্ষা ছিল। অবশেষে তার অবসান ঘটছে।











































