সৈয়দ রানা কবীর।।
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল জেলায় সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্কতা জারি করেছে। আগস্ট জুড়ে থাকতে পারে এই আশংকা।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর হতে চলল, কিন্তু এখনো প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ। অন্তর্র্বতী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুলনা বিভাগ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, বিশেষ করে ১৮ আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে তারা এই আশংকায় পুরা আগস্ট জুড়ে নগরীসহ সমগ্র জেলায় গ্রহন করা হয়েছে বিশেষ সতর্কতা। প্রতিদিনই চেকপোস্ট করে তল্লাশি করা হচ্ছে। প্রত্যেক মোড়ে মোড়ে রয়েছে পুলিশের পিকেট টিম। নিয়মিত চলছে টহল ডিউটি। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রেক্ষাপটে খুলনার বিভিন্ন জেলা ও থানার পুলিশের ইউনিটে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা।
এদিকে পুলিশ হেড কোয়াটার সুত্রে জানাগেছে, খুলনার বিভাগীয় পুলিশ প্রধান, কেএমপির কমিশনার, খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ সব জেলার পুলিশ সুপারদের নিকট ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী চলছে খুলনা জুড়ে পুলিশের বিশেষ সতর্কতা। এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী নগর ও জেলা পুলিশের কর্মকান্ড চলছে।
কেএমপির মিডিয়া সেলের সহকারী কমিশনার খন্দকার হোসেন আহম্মদ জানান, পুলিশ হেড কোয়াটার থেকে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশনও তার আশপাশে নজরদারি ও মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। সেই অনুযায়ী নগরীর আট থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেয়া হয়েছে। তারা যথাযথ ভাবে সজাগ রয়েছে। নিয়মিত টহল ও চেকপোস্ট করে সন্দেহজনকদের আটকের চেষ্টা করছে।
পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রসংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে। তাদের সনাক্তের কাজ চলছে।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা দেশে-বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’











































