Home জাতীয় হিন্দু পল্লীতে হামলার তথ্য চাওয়ায় ২ সাংবাদিককে গ্রেপ্তার করতে বললেন ওসি

হিন্দু পল্লীতে হামলার তথ্য চাওয়ায় ২ সাংবাদিককে গ্রেপ্তার করতে বললেন ওসি

59

খুলনাঞ্চল রিপোর্ট।।

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় তথ্য চাওয়ায় দুইটি জাতীয় দৈনিকের সাংবাদিককে গালিগালাজ ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। আজ বুধবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ থানা চত্বরে গোলঘরে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার দুই সাংবাদিক হলেন রেজওয়ান রনি ও জহির রায়হান ।

ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, রংপুরের গংগাচড়া হিন্দুপল্লীতে হামলার ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সীমানা লাগোয়া। হামলার ঘটনার অনুসন্ধানে নেমে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, হামলার দিন গত রবিবার সকাল থেকে কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের জন্য ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে বাংলাবাজারে জমায়েতের ডাক দেওয়া হয়। দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের পাড়েরহাট, হাজিরহাট, মাগুরা বাজারসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উত্তেজিত জনতা সিঙ্গেরগাড়ি বাংলাবাজারে এসে জড়ো হয়।

কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ওইদিন কিশোরগঞ্জ থানা থেকে ঘটনাস্থলে সিঙ্গেরগাড়ি বাংলা বাজারে ৪-৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিল।‌ বিষয়টি নিয়ে কথা বলতে আজ কিশোরগঞ্জ থানায় যান তারা।

থানার সামনের গোলঘরে বসে ওসির সঙ্গে দুই সাংবাদিকের এরকম কথোপকথন হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি উত্তেজিত হয়ে দুই সাংবাদিককে গালিগালাজ করেন।

ওসি বলেন, ‘উসকানি দিতে আসছে ওরা। উসকানি দিচ্ছেন আপনারা। মিয়া সব খবর আছে আপনাদের উসকানি দেওয়ার। আপনাদের যোগ্যতা থাকলে ভালো জায়গায় কিছু করতেন। এভাবে উল্টাপাল্টা প্রশ্ন করতেন না।’

এক পর্যায়ে রেজওয়ান রনিকে উদ্দেশ্য করে ওসি বলেন, ‘চোখ দিয়ে এভাবে তাকাচ্ছেন কেন? এই এদের ধরেন তো। তখন উপস্থিত উপ-পরিদর্শক (এসআই) মহসীন তাকে নিবৃত করার চেষ্টা করলে ওসি তাকে নির্দেশ দিয়ে বলেন, ‘এই পুলিশ ডাকেন, ওদের ধরেন।’ প্লান করতেছে দুজনে। প্রমাণ আছে‌ আমার আছে।

তারপর ওসি আরও উত্তেজিত হলে এসআই মহসিন তাকে নিবৃত করে দুই সাংবাদিককে থানা থেকে সরিয়ে নেন। তখনো ওসি দুই সাংবাদিককে উদ্দেশ্য করে গালাগালি করতে থাকেন।

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শেখকে ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘আমি কিন্ত আধুনিক পুলিশ। আপনাদের সাংবাদিকদের ভয় করে চলব, এরকম কিন্তু আমি না। আপনি এসপি, ডিআইজি ওআইজির কাছে কমপ্লেইন (অভিযোগ) করবেন, আপনার কমপ্লেইনে যদি আমার চাকরি না থাকে, তাহলে এই চাকরিও আমি করব না। দুষ্কৃতিকারীর আমার কাছে স্থান নেই, সাংবাদিক হোক, পুলিশ অফিসার হোক আর রাজনীতিবিদ হোক। যদি ফাইজলামো করে, পিটিয়ে সোজা করে দেব একেবারে।’

রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ গণমাধ্যমের গলাটিপে হত্যা করার শামিল। দুই সাংবাদিককে অপমান ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ওসির আচরণ হাসিনার ফ্যাসিস্ট আমলের সঙ্গে মিলে যায়। জড়িত ওসিকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা না করলে সাংবাদিক সমাজ আন্দোলনে যাবে।’

নীলফামারী জেলা পুলিশ সুপার এএফএম তারিক হাসান খানকে একাধিকবার কল দিল তিনি রিসিভ করেননি।হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি সাড়া দেননি।