স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।
আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আর তারপর ২০ জুলাই রবিবার, প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একদিন বিরতি দিয়ে ২২ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ ও সমান বিরতি দিয়ে ২৪ তারিখ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ম্যাচ।
দুই দলের মধ্যে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে পাকিস্তানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচেই হেরে সেই সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে টাইগাররা।











































