Home খেলাধুলা জোড়া সেঞ্চুরির কীর্তিতে শান্তর উন্নতি ২১ ধাপ

জোড়া সেঞ্চুরির কীর্তিতে শান্তর উন্নতি ২১ ধাপ

21


স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুমিনুল হকের পর একমাত্র বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়ে টেস্টের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়েছেন শান্ত। ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে উন্নতি করেছেন মুশফিকুর রহীমও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার পুরুষদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে টেস্ট ব্যাটারদের মধ্যে শান্তর বর্তমান অবস্থান ২৯তম। গল টেস্টের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রানের ইনিংস উপহার দেন এই বাঁহাতি ব্যাটার। পরের ইনিংসে তিনি অপরাজিত থাকেন ১৯৯ বলে ১২৫ রানে। যদিও এই কীর্তি এবারই প্রথম করলেন না শান্ত। ২০২৩-এ আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও দুই ইনিংসে যথাক্রমে ১৪৬ ও ১২৪ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন তিনি। গল টেস্টের প্রথম ইনিংসে ৩৫০ বলে ১৬৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন মুশফিক। পরের ইনিংসে স্রেফ ১ রানের জন্য দূরে থাকেন ফিফটি থেকে। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার ১১ ধাপ এগিয়ে বর্তমানে ২৮তম। দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করে ৩ ধাপ উন্নতি হয়েছে সাদমান ইসলামের, টাইগার ওপেনার আছেন ৫৫ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে শতক পেয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাও। ঘরের মাঠে ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংসে ২১ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন এই লঙ্কান ব্যাটার। বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়েছেন নাঈম হাসান। দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ১ উইকেট তুলে নেয়া এই টাইগার অফ স্পিনারের বর্তমান অবস্থান ৪৮তম। গল টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে হাসান মাহমুদের উন্নতি ৫ ধাপ। ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের সঙ্গে যৌথভাবে তিনি আছেন ৫৪ নম্বরে। বিবেচনায় এসেছে ভারত-ইংল্যান্ড সিরিজের হেডিংলি টেস্টও। দুই ইনিংসে টেস্ট ক্রিকেটের স্রেফ দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে সেঞ্চুরি (১৩৪ ও ১১৮) হাঁকিয়ে এক ধাপ এগিয়েছেন ঋষভ পান্ত, তার অবস্থান সপ্তম। এই সাফল্যের মাধ্যমে ২৭ বছর বয়সী পান্ত অর্জন করেছেন তার ক্যারিয়ার সেরা রেটিং (৮০১)। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে এই বাঁহাতি ব্যাটারের রেটিং ব্যবধান স্রেফ পাঁচ। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে ৮ম বেন ডাকেট। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অলিভার পোপ ৩ ধাপ এগিয়ে রয়েছেন ১৯ নম্বরে। আগের মতোই লাল বলের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সবার উপরে ভারতের রবীন্দ্র জাদেজা। এই তালিকায় ৩ ধাপ এগিয়ে ৫ম ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।