Home Lead ক্ষোভে উত্তাল খুলনা

ক্ষোভে উত্তাল খুলনা

69

>>পুলিশ কমিশনারের অপসারণ দাবি

>> কেএমপি সদর দপ্তরে তালা

>> বিভিন্ন মামলার আসামী ১৮ পুলিশ সদস্য পদে বহাল

>>মামলার তদন্তের নিরপক্ষতা নিয়ে প্রশ্ন

>>বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
এসআই সুকান্ত দাসকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও পুলিশ কমিশনার জুলফিকার হায়দারের অপসারনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মহানগরী খুলনা। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরের প্রধান গেটে তালা মেরে বিক্ষোভ করেছে উত্তেজিত ছাত্র-জনতা। অপরদিকে ৫ আগষ্ট পরবর্তী সময়ে খুলনায় জুলাই গণঅভ্যুন্থানে বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাংচুর, হামলা ও নির্যাতনের ঘটনায় ১৮ পুলিশ সদস্যের নামে দায়েরকৃত মামলার আসামি হয়েও স্বপদে বহাল থাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে। তাদের বক্তব্য মামলার আসামী ১৮পুলিশ সদস্যের মধ্যে একজন জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বাকিরা খুলনা থেকে অন্যত্র বদলী হয়ে স্বপদে কর্মরত আছেন। পুলিশের ওই সকল কর্মকর্তাদের স্বপদে বহাল রেখে মামলার নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি পুলিশ কর্মকর্তাদের স্বপদে বহাল না রেখে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। অপরদিকে পুলিশ কমিশনারের অপসারণের দাবি ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়েছে খুলনা বিএনপি।


মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে তালা: খুলনায় পুলিশের এসআই সুকান্তকে মঙ্গলবার মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশের ওই কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর থেকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাঁরা মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। বেলা দুইটার দিকে মিছিল নিয়ে কেএমপি সদর দপ্তরের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় আন্দোলনকারীরা রাস্তার দুই পাশ বন্ধ করে নানা স্লোগান দিতে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষোভে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অংশ নিতে দেখা যায়। বিক্ষোভকারীরা ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘সুকান্তের চামড়া, তুলে নেব আমরা’, ‘পুলিশ কমিশনারের চামড়া, তুলে নেব আমরা’, ‘পুলিশ কমিশনার জুলফিকার, আস্ত একটা স্বৈরাচার’, ‘অবৈধ পুলিশ লীগ, মানি না, মানব না’, ‘লড়তে হবে, লড়তে হবে—এই লড়াই জিততে হবে’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে এসআই সুকান্ত কুমার দাসকে আটক করে মারধর করেন স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত। খুলনায় একটি মামলায় সাক্ষ্য দিতে এসে এ ঘটনার শিকার হন বলে জানা গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, রাতে কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নিয়ে সুকান্ত কুমারকে ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, সুকান্তর বিরুদ্ধে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাসভবনে হামলা ও ছাত্র-জনতার অভ্যুত্থানমুখী আন্দোলনে পুলিশের হামলার অভিযোগে অন্তত চারটি মামলা আছে। এসব মামলার একজন অভিযুক্তকে ছেড়ে দেওয়া আইনের অপব্যবহার এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ বলেও অভিযোগ তাঁদের। বিক্ষোভকারীরা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে পুলিশ সদস্যরা বাধা দেন বলে জানান তাঁরা। পরে ক্ষুব্ধ হয়ে মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।


এসআই সুকান্তের ফ্লাশব্যাক: এস আই সুকান্ত দাস। বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করার কারনে খুলনাতে আলোচিত ও সমালোচিত ছিলেন তিনি। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুন্থানে ছাত্রদের নির্যাতনের অভিযোগসহ রয়েছে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার বাড়ি ভাংচুরের মামলা। এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও গত ২৪জুন তাকে ধরে পুলিশে সোপর্দ করে জনতা। কিন্তু রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়। তিনি মুক্তি পেয়ে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফুঁেস ওঠে খুলনার ছাত্র জনতা। সুকান্তকে গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে তালা দেয় তারা। বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ফটকে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। এ সময় খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জহুরুল তানভীর বলেন, এস আই সুকান্ত দাসকে ছেড়ে দিয়ে পুলিশ তার নিরপক্ষতা হারিয়েছে। বিগত আওয়ামী শাসনামলে অত্যাচারী পুলিশ কর্মকর্তাদের রক্ষায় খুলনার বর্তমান পুলিশ প্রশাসন অগ্রনী ভূমিকা পালন করছে। এ কারনেই আমরা এস আই সুকান্তকে গ্রেফতার ও পুলিশ কমিশনারের অপসারণের দাবি করছি। জাতীয় নাগরিক পার্টি খুলনার সংগঠক রাহাত হামিম জানান, আমরা বার বার বিতর্কিত পুলিশ সদস্যদের বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের বলেছি। তারা আমাদের কোন কথাই কর্ণপাত করেনি। এ কারনে আমরা পুলিশ কমিশনারের অপসারণের দাবি করছি।


কারাগারে ওসি মামুন: গণঅভ্যূন্থানের ১০ মাস পর আইনের আওতায় এসেছে এক সময়ে খুলনা সদর থানায় কর্মরত আলোচিত সমালোচিত পুলিশ পরিদর্শক হাসান আল মামুন। বিগত সরকারের সময়ে বেপরোয়া মামুনের অত্যাচারের শিকার এই অঞ্চলের তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীরা। মামুনের নির্যাতনে বিএনপি নেতা ফখরুল আলমের চোখ নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। গণঅভ্যুন্থানের পরে দায়েরকৃত একটি মামলায় ওসি মামুন খুলনা কারাগারে বন্দি আছে।


রাজনৈতিক ও সচেতন নাগরিকদের বক্তব্য: রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ বলছেন স্ব পদে বহাল রেখে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেন অভিযুক্ত পুলিশ সদস্যদের স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, এসআই সুকান্তের নামে খুলনায় চারটি মামলা আছে। আমার বাড়িতে ভাঙচুরের অভিযোগে খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের সদস্য আসাদুজ্জামান হারুন সদর থানা একটি মামলা করেছেন। সেই মামলার এক নম্বর আসামি এসআই সুকান্ত। এ ছাড়া অন্য তিনটা মামলায় আছে ওই এসআইয়ের বিরুদ্ধে। তাকে কিভাবে পুলিশ ছেড়ে দিলো? খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, এস আই সুকান্তকে ছেড়ে দিয়ে পুলিশ কমিশনার ব্যার্থতার পরিচয় দিয়েছে। তিনি খুলনায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও তাদের গড ফাদারদের ধরতেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যার কারনে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইন শুধু সাধারণ মানুষের জন্য নয় পুলিশের জন্যও। ওসি হাসান আল মামুনকে জামিন দেওয়া হচ্ছিলো গত ১৫ জুন। উত্তেজিত জনতা জামিনের বিরোধীতা না করলে তাকেও জামিন দেওয়া হতো। এতে করে প্রমানিত হয় আইন পুলিশের জন্য নয়। শুধু সাধারণ মানুষের জন্য। আমরা জুলাই গণঅভ্যূত্থানে হামলাকারী ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনকারী বিতর্কিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থার পাশাপাশি জুডিশিয়ারী ব্যবস্থাও গ্রহণ করতে হবে। এদের রক্ষাকারী পুলিশ কমিশনারের আমরা অপসারন চাই। এ বিষয়ে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. বাবুল হাওলাদার বলেন, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে স্বপদে রেখে তদন্ত চললে সেই তদন্ত প্রভাবিত হয়ে থাকে। এ কারনে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাদের পদ থেকে সরিয়ে মামলার তদন্ত কার্যক্রম চালানো উচিৎ।


পুলিশ কমিশনারের বক্তব্য: পুলিশ কমিশনার মোঃ জুলিফিকার আলী হায়দার এস আই সুকান্ত দাসের বিষয়ে বলেন, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, যা তদন্তাধীন। এ কারনে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে সুকান্ত চুয়াডাঙ্গাতে আছেন, সেখানকার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। অপর এক প্রশ্নের জবাবে বিতর্কিত কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, কোন ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান নিবে না। প্রতিটি মামলার নিরপক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আইন যেমন পুলিশের জন্য, তেমনি সাধারণ মানুষের জন্যও। কমিশনার মো. জুলফিকার আলী হায়দার আরো বলেন, এসআই সুকান্তসহ সারাদেশে বহু পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে যাঁদেরই অপরাধ প্রমাণিত হবে, তাঁদেরকেই গ্রেপ্তার করা হরে। তিনি বলেন, ‘ছাত্ররা আমার পদত্যাগ চাইছে, আমার পদত্যাগে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমার পদত্যাগ করতে কোনো অসুবিধা নেই। আমি অফিস করছি। সরকার চাইলে আমাকে যেকোনো সময় উইথড্র করে নিতে পারে।’


মামলায় পুলিশের ১৮ সদস্য যারা: খুলনায় এ পর্যন্ত তিন মামলায় পুলিশের ১৮ সদস্যের নাম রয়েছে। যাদের মধ্যে ১জনকে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বাকিরা অন্যত্র বদলি হয়েছেন। অভিযুক্ত ১৮ পুলিশ সদস্য হলেন, কেএমপির তৎকালীন এডিশনাল কমিশনার কেএমপি সরদার রকিবুল ইসলাম (৫০) (বর্তমানে সরকারের আদেশে বর্তমানে বাধ্যতামূলক অবসরে), তৎকালীন ডিসি (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন, তৎকালীন এসি সোনালী সেন, তৎকালীন এডিসি (সিটিএসবি) মনিরা খাতুন, তৎকালীন এসি ভাস্কর সাহা, তৎকালীন ডিবির ওসি মিজান, তৎকালীন এসআই শওকত (ডিবি), তৎকালীন কনস্টেবল সানা মিয়া (ডিবি), খালিশপুর থানার তৎকালীন ওসি সরদার মোশাররফ হোসেন, তৎকালীন এসআই মিঠু দত্ত, তৎকালীন এএসআই সঞ্জয়, এএসআই কুমারেশ, তৎকালীন এস আই সেলিম হোসেন (ডিবি), তৎকালীন এস আই রত্নেশ্বর মন্ডল, তৎকালীন এসআই অরূপ কুমার মন্ডল, এসআই সুকান্ত, এসি গোপীনাথ কাঞ্জিলাল, তৎকালীন সদর থানার ওসি হাসান আল মামুন।
কর্মসুচি মুলতবী: এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা মাথায় রেখে বুধবার ছাত্র-জনতার কর্মসুচি মুলবতী ঘোষনা করেছে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় একই স্থানে পুলিশ কমিশনার জুলফিকার হায়দার, উপপুলিশ কমিশনার শকিলকে প্রত্যাহারের দাবিতে কর্মসুচি পালন করবে ছাত্র-জনতা।


বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম: খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ ৪মামলার এজাহারভুক্ত আসামী ও পতিত সরকারের আমলে নানাবিধ অভিযোগে অভিযুক্ত এসআই সুকান্তকে জনগণ ধরে খানজাহান আলী থানা পুলিশের কাছে সোপর্দ করলে কেএমপির পুলিশ কমিশনারের নির্দেশ রাতের আধারে তাকে ছেড়ে দেয়ায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, পুলিশ কমিশনার এসআই সুকান্তকে ছেড়ে দিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে শুধু ব্যর্থতার পরিচয় দেননি তিনি পতিত সরকারের পক্ষ অবলম্বন করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে এসআই সুকান্তকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশ কমিশনারের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাকেও প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।


খানজাহান আলী সড়ক অচল: পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এতে করে রাস্তায় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।


সর্বশেষ: বুধবার রাত ১২টায় বিভাগীয় পুলিশের নির্ভরযোগ্য সুত্র দাবি করেছে ঝিনাইদহ থেকে এসআই সুকান্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।