ঢাকা অফিস।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ‘সন্দেহভাজন বিদেশি নাগরিকদের’ আগমন বাড়ছে এবং তারা নানারকম ‘মিশন’ নিয়ে দেশে প্রবেশ করছে। সোমবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
তিনি দাবি করেন, “আমরা লক্ষ করছি, কিছু বিদেশির উপস্থিতি এবং কার্যকলাপে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। তারা নানা উদ্দেশ্যে দেশে প্রবেশ করছে, যার ব্যাখ্যা সরকার দিচ্ছে না। একটি ভিডিও ক্লিপে একজন মন্তব্য করেছেন, ‘সব বলা যাচ্ছে না, তবে সন্দেহ জাগছে যে এসব উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে।’
মির্জা আব্বাস বলেন, “আমি এই সরকারকে আর নিরপেক্ষ ভাবতে পারছি না। এরা কোনো পক্ষের হয়ে কাজ করছে তা স্পষ্ট। জনগণের সরকার হলে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতো না।” তিনি প্রশ্ন তোলেন, “সরকার যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়, তাহলে তাদের এসব প্রশ্নের উত্তর দিয়ে তা প্রমাণ করতে হবে।”
প্রয়াত পিন্টুকে স্মরণ করতে গিয়ে মির্জা আব্বাস খোলামেলা মন্তব্য করেন, “পিন্টুদের কর্মকাণ্ড আমাদের রাজনৈতিক অবস্থানের জন্য কিছুটা দায়ী। বিএনপি রাতারাতি গঠিত হয়নি, এটি বহু ত্যাগের ফসল। কিন্তু কিছু নেতার কর্মকাণ্ড আমাদের পিছিয়ে দিয়েছে—এটা অস্বীকার করার উপায় নেই।”
বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস বলেন, “বাংলাদেশে এখন যেন এক ধরনের ‘সার্কাস’ চলছে। শাহবাগে যেখানে মিছিল-মিটিং নিষিদ্ধ, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপির লোকজন বিক্ষোভ করছে। কী দাবি তাদের? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে! কিন্তু কে নিষিদ্ধ করছে না? বিএনপি?”
তিনি অভিযোগ করেন, সরকারের একদলীয় শাসনের দিকে ধাবমান হওয়া এবং গণতন্ত্রের জায়গায় কৌশলী নাটক মঞ্চস্থ করা হচ্ছে, যাতে জনগণের নজর বিভ্রান্ত হয়।
প্রশাসনে জামায়াত বা আওয়ামীপন্থী কর্মকর্তাদের বসানো হচ্ছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। তার মতে, “বিএনপিপন্থীদের বাদ দিয়ে যারা দেশ পরিচালনা করছে, তাদের অনেকেই প্রকৃত অর্থে বাংলাদেশি নাগরিকও নন। একটি দলীয় স্বার্থেই প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে।”
সেন্ট মার্টিন, সাজেক ও বাঘাইছড়িতে সাধারণ নাগরিকদের যাতায়াতে প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি নিজ দেশে পরাধীন হয়ে পড়েছি? এসব জায়গায় যাওয়ার জন্য কি পাসপোর্ট-ভিসা লাগবে?” তিনি বলেন, সরকারের উচিত এসব বিষয়ে জনগণের কাছে জবাব দেওয়া।
‘মানবিক করিডোর’ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। “বিশ্বের কোনো অভিধানে ‘মানবিক করিডোর’ নামে কিছু আছে কি? এই শব্দটি কোথা থেকে এলো?”—প্রশ্ন রাখেন আব্বাস। তিনি বলেন, দেশের অভ্যন্তরে কোনো করিডোর বা প্যাসেজ নিয়ে সিদ্ধান্ত নিলে তা হতে হবে জনগণের সম্মতি ও নির্বাচিত সরকারের অনুমোদনের ভিত্তিতে।
তিনি আরও বলেন, “যদি সত্যিকার গণতান্ত্রিক সরকার থাকত, তবে এভাবে জনমতকে পাশ কাটিয়ে দেশ পরিচালিত হতো না। অথচ আমরা এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যেখানে প্রশাসন, রাজনীতি ও নিরাপত্তা প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়ছে।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদ হাসান মিন্টু। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেসারুল হক।











































