সৈয়দ রানা কবীর।।
দুই বছরে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও খুলনার ভৈরব সেতু ৫ বছরে শেষ হয়েছে মাত্র ১৫ শতাংশ কাজ। এতে ক্ষুব্ধ দুই পাড়েরসহ সমগ্র খুলনার মানুষ। ভুমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রির মুল্য বৃদ্ধি, নকশা পরিবর্তনসহ নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান টালবাহানা করছে।
অভিযোগ রয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনার সাবেক ও বর্তমান কর্মকর্তাদের যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার ওয়াহিদ কনস্ট্রাকশনের কর্ণধার ওয়াহিদ মিয়া ( কুটি মিয়া) কাজের থেকে বিল তুলে নিয়েছে অধিক পরিমাণের।
সড়ক পথে খুলনার সাথে বিচ্ছিন্ন দিঘলিয়া, নড়াইল ও গোপালগঞ্জকে সংযুক্ত করতে ২০১৯ সালে একনেকে পাস হয় ভৈরব নদের উপর এই সেতু নির্মাণ প্রকল্প। ২০২০ সালের ২৭ জুলাই সেতু নির্মাণ কাজের দরপত্র আহবান করে সড়ক ও জনপথ অধিদপ্তর। দরপত্রের মাধ্যমে কাজটি পায় ওয়াহিদ কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। মূলত: প্রভাবশালী শেখ পরিবারের একক সিদ্ধান্তে ওয়াহিদ কনস্ট্রাকশনকে এই কাজটি দেওয়া হয়।
কার্যাদেশের পর ২০২০ সালের নভেম্বর শুরু হয় এ সেতুর নির্মাণ কাজ। যা পরবতী দুই বছরে শেষ হওয়ার কথা ছিল। কিন্ত বিভিন্ন অজুহাতে কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দফায় দফায়। এক দশমিক তিন কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৩০২ কোটি টাকা। রেলওয়ের জায়গা অধিগ্রহণসহ সব কিছু মিলিয়ে মোট ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা ধার্য করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়।
ফলে দুই পাড়েরসহ সমগ্র খুলনার মানুষের নদী পারাপারে ভোগান্তি বেড়েছে। ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের গাফিলাতিকে দুষছেন খুলনাবাসী।
এ বিষয়ে কথা বলতে রাজি না হলেও ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, নকশা পরিবর্তনসহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে আবারও সময় বৃদ্ধির আবেদন করেছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক ( পিডি) নাজমুল আলম।
সড়ক ও জনপথ অধিদফতর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, পরিবেশগত কারণে সীমাবদ্ধতা থাকলেও ঠিকাদারের আরো কাজের সুযোগ ছিল। পরবর্তী যে সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে এর মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি প্রত্যাশা করছেন।
অবশ্য এই কর্মকর্তা সেতু নির্মাণে ঠিকাদরের গাফিলতির কথা স্বীকার করেন।
সওজ দপ্তরের তথ্য অনুযায়ী, নকশায় ত্রুটি, জমি অধিগ্রহণসহ নানা সংকটে নির্ধারিত মেয়াদে শেষ হয়নি খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ। এখানেই শেষ নয়, কাজ শুরুর সাড়ে তিন বছরে অগ্রগতি মাত্র ১৫ শতাংশ।এই সেতুটি কবে বাস্তবায়িত হবে আর মহানগরী খুলনার সঙ্গে দিঘলিয়া উপজেলা ও নড়াইল, গোপালগঞ্জসহ দক্ষিণ পূর্বাঞ্চলের সরাসরি সংযোগ হবে, তা বলতে পারছে না কেউ। এ অঞ্চলের মানুষের স্বপ্নের ভৈরব সেতু কি স্বপ্ন হয়েই থাকবে এ আশঙ্কায় অপেক্ষার প্রহর গুনছ খুলনা বিভাগের কয়েক জেলার মানুষ। স্থানীয় লোকজন দল-মত না দেখে দ্রুত সেতুটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
তাঁরা বলেছেন, সেতুটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবহেলিত কৃষিনির্ভর দিঘলিয়া, নড়াইল, গোপালগঞ্জসহ ভৈরবপারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গড়ে উঠবে বাণিজ্যিক জোনও।
সেতু প্রকল্পের তথ্য অনুযায়ী, মহানগরী খুলনার সঙ্গে দিঘলিয়া, কালিয়া, নড়াইল, গোপালগঞ্জসহ আশপাশের এলাকার সংযোগ স্থাপনে ভৈরব নদের ওপর একটি সেতু নির্মাণের যৌক্তিক দাবি ছিল দীর্ঘদিনের।
গণমুখি এ সেতুটির নির্মাণ কাজ সম্পন্নের দাবি পূরণে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ‘ভৈরব সেতু’ নামের প্রকল্পটি একনেকে অনুমোদন লাভ করে। স্টিল স্ট্রাকচারের ১.৩১৬ কিলোমিটার সেতুটির নির্মাণ সর্বমোট ব্যয় ধরা হয় ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০২ কোটি টাকা। জমি অধিগ্রহণে ২৮১ কোটি টাকা ও বাকি বরাদ্দ সেতু সংশ্লিষ্ট অন্যান্য কাজে। বিভিন্ন প্রক্রিয়া শেষে কাজটি বাস্তবায়ন করছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড (করিম গ্রুপ) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জমি অধিগ্রহণের কাজ শেষ না করেই তখন তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে ওয়ার্ক অর্ডার দেয়া হয় ২০২১ সালের ২৪ মে দিঘলিয়া প্রান্তে সরকারি খাস জমির ওপর ২৪ ও ২৫ নম্বর টেস্ট পাইলিংয়ের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
ভৈরব সেতু বাস্তবায়ন সংস্থা মেসার্স ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী নাজমুল আলম জানান, সেতুটি ২৯ টি পিলারের উপর স্থাপিত হবে। ইতিমধ্যে দিঘলিয়া অংশের পিলারগুলোর কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
দৌলতপুর-দিঘলিয়ার মাঝে ভৈরব নদের উপর নির্মাণাধীন ভৈরব সেতুর জন্য জমি অধিগ্রহণ ও বিদ্যুৎ পোল স্থানান্তর সম্পন্ন হলেও খুলনা শহরাংশের রেলওয়ের জায়গা হস্তান্তর ও বিদ্যুতের খুঁটি স্থানান্তর প্রক্রিয়া এখনও শেষ হয়নি। অপরদিকে এ ভৈরব সেতুর নির্মাণ কাজের ধীর গতি শুরু থেকে পরিলক্ষিত হয়ে আসছে। কাজে ধীর গতি ব্যাপারে আজও অবধি মিলেনি কোন সদুত্তর। তবে স্হানীয়রা বলছেন সংশ্লিষ্ট ঠিকাদার পতিত সরকারের আশিরবাদ পুষ্ট হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে কাজের এই গাফিলতি। অভিযোগে জানাযায়, ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার তার কাজের থেকে বেশি অংকের বিল উত্তোলন করেছে। সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশল খুলনার শেখ পরিবারের একজন নিবেদিত প্রাণ ছিলেন।
তিনি ইতিপূর্বে সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট থেকে বিপুল অংকের উৎকোচ নিয়ে কাজের পরিমানের থেকে অধিক অংকের বিল উত্তোলনে সহযোগিতা করেছেন। স্হানীয়রা অভিযোগ করেন দুদকসহ অন্য সরকারি সংস্থাগুলো সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। নতুনভাবে আবার কাজ শুরু হবে আগামী এক সপ্তাহের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়নে কয়েক দফায় সময় পরিবর্তন করেও কাজ শেষ করা যায়নি। বর্তমানে সেতুটি পরিবর্তিত ও পরিবর্ধিত নকশায় আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে। যা অনুমোদন হয়ে আসছে।
এদিকে দীর্ঘদিন ধরে এ সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ সেতুর নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবীতে দিঘলিয়া জনপদের মানুষ শুধু দাবিই জানায়নি কয়েকবার মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকল সংস্থার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।











































