Home খেলাধুলা র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

18


স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ইনিংস ব্যবধানে জেতে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় নায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়েও বাজিমাত করলেন এই অলরাউন্ডার।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। আজ আইসিসি প্রকাশিত হালনাগাদে এই তথ্য জানা যায়।

মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। এটিই তার ক্যারিয়ারসেরা। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন তিনি। ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা। মিরাজের সঙ্গে তার পয়েন্ট ব্যবধান এখন ৭৩।

সিলেটে প্রথম টেস্টেও দারুণ বল করেছিলেন মিরাজ। দুই ইনিংসেই পেয়েছিলেন পাঁচটি করে উইকেট। পরে দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখান নৈপুণ্য। সাত নম্বরে নেমে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। পরে বল হাতে ৩২ রানের বিনিময়ে নেন ৫ উইকেট।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে মিরাজ এখন ক্যারিয়ারসেরা ৫৫তম স্থানে। একই টেস্টে টেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি হয়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (দুই বার) ও সোহাগ গাজীর।

চট্টগ্রামে ১২০ রানের ইনিংস খেলে ১৭ ধাপ এগিয়ে এখন ৬০তম স্থানে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। এক ধাপ করে উন্নতি করে মুমিনুল হক ৪৭তম স্থানে ও নাজমুল হোসেন শান্তর ৫২তম স্থানে। এই টেস্টের প্রথম ইনিংসে ৬৭ রান করা জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস দুই ধাপ এগিয়ে এখন ১৯তম স্থানে।

টেস্টে ব্যাটারদের মধ্যে সবার ওপরে জো রুট। আর বোলারদের মধ্যে সবার ওপরে জাসপ্রিত বুমরাহ। বোলারদের মধ্যে ২ ধাপ এগিয়ে ২৪তম স্থানে মিরাজ। সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে তাইজুল ইসলাম। ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে আরেক স্পিনার নাঈম হাসান।