Home আঞ্চলিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দু’সদস্য আটক

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর দু’সদস্য আটক

32


মোংলা প্রতিনিধি
বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার সঞ্জীব কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫ টায় কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বনদস্য করিম শরীফ বাহিনীর আস্তানায় অভিযান চালায়। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরীর সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১টি ওয়াকি টকি চার্জার ও ০২টি কাঠের নৌকা জব্দ করা হয়। আর হাতেনাতে আটক করা হয় সুন্দরবনের দুর্র্ধষ বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সদস্য মোঃ সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০) কে। আটক দস্যুদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।
কোস্ট গার্ড কর্মকর্তা সঞ্জীব কুমার দে বলেন, কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে দস্যুমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে এবল নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।
এছাড়া কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।