Home আঞ্চলিক পুকুরে ডুবে মৃত্যু কুয়েট শিক্ষার্থীর

পুকুরে ডুবে মৃত্যু কুয়েট শিক্ষার্থীর

32


স্টাফ রিপোর্টার।।


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তনু কর্মকার নামে এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের খানজাহান আলী হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

শান্তনু বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার রাজার দেউরি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

শিক্ষার্থীরা জানান, বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামার পর নিখোঁজ হন শান্তনু। শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তাঁর নিথর দেহ উদ্ধার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শান্তনুকে উদ্ধারের পর কুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

এ দিকে শান্তনু’র মৃত্যুর খবরে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা খুলনার উদ্দেশে রওনা হয়েছেন।