স্পোর্টস ডেস্ক
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করা হয়েছে। যেখানে গত ডিসেম্বরে ওয়ানডে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে ৭৯ বলে সেঞ্চুরি করে সাড়া ফেলে দেওয়া আমির জাঙ্গু জায়গা পেয়েছেন। এছাড়া দলে ফিরেছেন ১৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু।
দলের অধিনায়ক হিসেবে যথারীতি আছেন শেই হোপ। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকলেও পরে চোটের কারণে ছিটকে পড়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ফিরেছেন।
তবে দলে না থাকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম শিমরন হেটমায়ার। চলতি আইপিএলে ভালো ফর্মে নেই বাঁহাতি আগ্রাসী ব্যাটার।
এই সিরিজগুলোতে নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার রাভি রামপল। এছাড়াও আয়ারল্যান্ড সফরের অংশটুকুতে কোচিং স্টাফে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।
আগামী ২১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৯ মে। ইংলিশদের বিপক্ষে পরে টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা, সেটির দল ঘোষণা হবে পরে।
উইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ, জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।











































