Home Lead আজও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা, আজ বৈঠক

আজও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা, আজ বৈঠক

46

স্টাফ রিপোর্টার।।
প্রায় আড়াই মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল রোববার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও এখনও ক্লাসে যাননি শিক্ষকরা। এর ফলে বিপাকে পড়েছেন ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। উদ্ভুত পরিস্থিতি নিয়ে কুয়েটের নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী আজ সোমবার সকাল ১০টায় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে কুয়েটের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক ও রেজিস্ট্রারের উপস্থিত থাকার কথা রয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভুঞা বলেন, উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করছেন।

এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার বেলা ১১টায় সাধারণ সভা ডেকেছে শিক্ষক সমিতি।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, সভায় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ দুটি বৈঠকের পর হয়তো সিদ্ধান্ত হতে পারে যে, কবে নাগাদ ক্লাস শুরু হবে। কুয়েটের শিক্ষকরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে রাখে কিছু সংখ্যক শিক্ষার্থী। তারা বিদায়ী উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে মারধর, লাঞ্চিত ও গালাগাল করেন। পরবর্তী ২ মাস আন্দোলন চলাকালে কিছুসংখ্যক শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে কটুক্তি করে। এ নিয়েই মূলত শিক্ষকরা ক্ষুব্ধ। কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে ভুল-ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি। আমরা শিক্ষকদের সঙ্গে বিদ্বেষমূলক কোনো আচরণে যেতে চাই না। আবারও শিক্ষকদের কাছে গিয়ে ক্ষমা চাইবো।