ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় সরকারি জমিতে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার থেকে ডুমুরিয়া বড়বাজারের ওই জমিতে অভিযান শুরু করে প্রশাসন। এ ছাড়াও একটি খাল অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
উপজেলার বড়বাজার ও ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ সড়কের চালপট্টিসংলগ্ন প্রায় ২০ শতক জমিতে একাধিক ভবন নির্মাণের কাজও শুরু হয়। বড়বাজারে পুরোনো সাব-রেজিস্ট্রি অফিস ঘেঁষে সরকারি জমিতে ভবনের নির্মাণকাজ শুরু করেন গোলনা গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান খান ও ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আসলাম হোসেন। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। এ ছাড়া ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ সড়কের চালপট্টিতে সরকারি জমিতে ভবন নির্মাণ শুরু করেন উপজেলার পশ্চিম গুটুদিয়া গ্রামের বাসিন্দা চাল ব্যবসায়ী আবু হানিফ শেখ ও গোলনা গ্রামের বাসিন্দা প্রাক্তন কলেজ শিক্ষক খান আতাউর রহমান।
মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমানের নেতৃত্বে অভিযান শুরুর পর খান আতাউর রহমান, জিল্লুর রহমান খান ও হাবিবুর রহমান নামে আরেক ব্যক্তির স্থাপনা উচ্ছেদ করেন। দখলদাররা তাদের মালিকানার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান।
এদিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নে চকমথুরাবাদ এলাকায় কাদেরের খালে বালু দিয়ে ভরাট করে মোহাম্মদী হাউজিংয়ের নামে দখলের কাজ চলছিল। একই দিন সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম বলেন, এ খালটি এলাকাবাসীর কাছে গুরুত্বপূর্ণ। চকমথুরাবাদ ও বিলপাবলা নামের দুটি মৌজার পানি স্থানীয় ময়ূর নদী হয়ে এ খাল দিয়ে সাগরে যায়। খালটি সচল করতে ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।











































