স্টাফ রিপোর্টার
খুলনায় মটরস গ্যারেজে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে মালিকসহ দুজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ডের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গ্যারেজ মালিক থানাধীন গোবরচাকার শুকুর আলীর ছেলে মো. সুমন ও গ্যারেজ মিস্ত্রি নগরীর গল্লামারী দরগা রোডের মো. ওহিদুল মোল্লার ছেলে হৃদয় মোল্লা। দগ্ধ ব্যক্তিদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগরীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সুমন ও হৃদয় গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যালের ড্রামের মুখ গ্যাস কাটার দিয়ে কাটছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে গ্যারেজ মালিক ও মিস্ত্রি দুজনের ডান পায়ের নিচের অংশ দগ্ধ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিরা জানান, বিস্ফোরণের আগে কোন কিছুই বোঝা যাচ্ছিল না। তারা দীর্ঘদিন এ কাজ করলেও বিস্ফোরণের ঘটনা এই প্রথম।











































