দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন হতে ১১০ কেজি হরিণের মাংসসহ ০১ জন হরিণ শিকারী আটক। মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড মংলার নেভিগেশন অফিসার লেফট্যানেন্ট সিফাত ই রাব্বি রাচিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মোঃ শাহজাহান, মোঃ অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ ২ টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয়। আটক হরিণ শিকারী মোঃ আরিফুল সরদান (২৪) খুলনার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।











































