বিনোদন ডেস্ক
এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা সুদীপ মুখার্জির স্ত্রী পৃথা তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। এর পরই তাদের অনুরাগীদের মন খারাপ। তবে ২৪ ঘণ্টা না কাটতেই সেই বিচ্ছেদে জল ঢাললেন ‘চিরসখা’ অভিনেতা। রসিকতা করে পৃথা বিচ্ছেদের কথা পোস্ট করেছিলেন বলে জানান তিনি।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সুদীপ বলেন, ‘প্র্যাংক করে পৃথা গতকাল একটি পোস্ট করে। ডিভোর্সের কথা লেখে। আমি জানতাম না। কাল শুটিংয়ে ব্যস্ত ছিলাম।
বারবার ফোন পাই। ফোন ধরতে পারিনি। সুইচড অফ করে দিয়েছিলাম। বাড়ি ফিরে জানতে পারি ওর পোস্ট নিয়ে এত আলোচনা হচ্ছে। ’
বিচ্ছেদের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘আমরা একসঙ্গেই আছি। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। নেগেটিভ নিউজ নিয়ে বেশি ভাববেন না।’
বলে রাখা ভালো, সুদীপের ভিডিও বার্তা শেয়ার করার পরই আগের পোস্টটি ডিলিট করে দিয়েছেন পৃথা।
উল্লেখ্য, অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে প্রথমবার বিচ্ছেদের পর সুদীপ পৃথার সঙ্গে ঘর বাঁধেন। প্রায় ২৫ বছরের বয়সের ব্যবধান সুদীপ ও পৃথার। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।










































