Home আঞ্চলিক টানা ৯ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

টানা ৯ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

7

নিজস্ব প্রতিনিধি।।

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল ইসলাম এক চিঠিতে এ আদেশ দিয়েছেন বলে জানান ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ।

চিঠিতে টানা ৯ দিন কাস্টমস ও বন্দর বন্ধ থাকার কথা থাকলেও (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভোমরা কাস্টম সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, আগামী ২৭ মার্চ বিকেল থেকে বন্ধ হয়ে যাবে ভোমরা ঘোজাডাঙ্গা বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওনা দিবেন। অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার নিয়ে দেশের বাড়ি যাবেন। সে কারণে কোনো পণ্য খালাস হবে না। ৬ এপ্রিল থেকে যথারীতি কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ তুফান দুলাল মণ্ডল জানান, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা।