বিনোদন প্রতিবেদক।।
আসন্ন ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে চারটি সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা। এগুলো হলো- ‘জ্বীন ৩’, ‘জংলি’, ‘দাগি’ ও ‘বরবাদ’। ইতিমধ্যেই তিনটি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি শাকিব খানের ‘বরবাদ’।
খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। নির্মাতার পক্ষ থেকে ‘সর্বজনীন’ সার্টিফিকেট চাওয়া হয়নি। তারা চেয়েছেন ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট। কিন্তু সার্টিফিকেশন বোর্ড সেটি না করে, সিনেমার কিছু দৃশ্যের কর্তন দিয়েছে।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে শাকিব ভক্তরা। নেটদুনিয়ায়ও চলছে আলোচনা-সমালোচনা। সবার অবস্থান ‘বরবাদ’র পক্ষে। সিনেমাটি নিয়ে এবার কথা বলছেন বুবলীও। তবে নিশ্চুপ আছেন অপু বিশ্বাস।
‘বরবাদ’কে আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হন বুবলী। নায়িকার কথায়, ‘একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড়পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়!’
তিনি আরও লিখেছেন, ‘আমরা ঈদের সিনেমা “জংলি” যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি “বরবাদ”, “দাগি”, “জ্বীন”, “চক্কর”সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক।’
সবশেষে আশাবাদী বুবলী লিখেছেন, ‘আশা করছি “বরবাদ” সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে “বরবাদ” টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাব।’
বুবলী ছাড়াও ‘বরবাদ’র পাশে দাঁড়িয়েছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, ইমরান মাহমুদুলসহ অনেকে। কিন্তু এ নিয়ে এক লাইনও লেখেননি শাকিবের প্রাক্তন স্ত্রী অপু।











































