Home আঞ্চলিক কালের সাক্ষী ইংরেজ আমলের ঐতিহাসিক মোরেলের কুঠিবাড়ি

কালের সাক্ষী ইংরেজ আমলের ঐতিহাসিক মোরেলের কুঠিবাড়ি

24


মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাসের সাক্ষীÍইংরেজ আমলের মোরেলের কুঠিবাড়ি। শতাব্দীপ্রাচীন এই স্থাপনা শুধু একখণ্ড ইট-পাথরের ভবন নয়; এটি বহন করে একসময়ের নীলকরদের দুঃশাসনের স্মৃতি, কৃষক বিদ্রোহের গৌরব, এবং উপমহাদেশের উপনিবেশিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৭৮১ সালে ব্রিটিশ সরকার মোরেলগঞ্জ অঞ্চলে শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে, যার দায়িত্ব পান বিদেশি সিভিল সার্ভেন্ট টিলম্যান হেঙ্কেল। পরে ১৮৪৯ সালে মিসেস মোরেল পানগুচি ও বলেশ্বর নদীর মোহনায় বন্দোবস্ত নিয়ে বন আবাদ শুরু করেন এবং নীলচাষের প্রসার ঘটান। তার ছেলে রবার্ট মোরেল এই অঞ্চলের প্রশাসনিক ও কৃষি কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন এবং কুঠিবাড়ি নির্মাণ করেন, যা পরবর্তীতে নীলকরদের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র হয়ে ওঠে।
মোরেল পরিবারের দুঃশাসন ও কৃষকদের ওপর শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কৃষক নেতা রহিমুল্লাহ। ১৮৬১ সালে তার নেতৃত্বে কৃষক বিদ্রোহ সংঘটিত হয়, যেখানে লাঠিয়াল বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে তিনি শহীদ হন। এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার মোরেল পরিবারকে এখান থেকে শাসন গুটিয়ে নিতে বাধ্য হয় এবং ১৮৭৮ সালের পর তারা এই অঞ্চল ছেড়ে চলে যায়।
বিগত কয়েক দশকে সংরক্ষণের অভাবে কুঠিবাড়িটি প্রায় ধ্বংসের মুখে। একসময় এখানে ছিল আস্তাবল, পিলখানা, নাচঘর, গুদামঘর ও নির্যাতন কক্ষ, যা আজ কেবল স্মৃতি। ভবনের অনেক মূল্যবান কাঠামো ও সামগ্রী চুরি হয়ে গেছে, এবং এটি বর্তমানে একটি পরিত্যক্ত স্থাপনা। গবেষকরা এর ঐতিহাসিক গুরুত্বের কথা বলে বারবার সংরক্ষণের দাবি জানিয়েছেন, কিন্তু প্রশাসনিক উদ্যোগ এখনও যথেষ্ট কার্যকর হয়নি।
মোরেলগঞ্জের কুঠিবাড়ি শুধু ইতিহাসপ্রেমীদের জন্য নয়, পর্যটকদের জন্যও হতে পারে আকর্ষণীয় স্থান। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে উপজেলা প্রশাসন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সুপারিশ পাঠিয়েছে এবং সরকারিভাবে বিভিন্ন পরিকল্পনার আশ্বাস দেওয়া হয়েছে।
ইতিহাসের এই নিদর্শনকে টিকিয়ে রাখা শুধু মোরেলগঞ্জ নয়, পুরো দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণের অংশ। উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হলে কালের সাক্ষী হয়ে থাকা এই কুঠিবাড়ি প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসের সাক্ষ্য বহন করবে।