স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের শুরুটাও মন্দ করেনি পেপ গার্দিওলার শিষ্যরা। তবে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে চরম ব্যর্থতা দেখায় তারা। ছিটকে পড়ে শিরোপার রেস থেকে। চলতি বছরে আবারও সম্ভাবনা দেখিয়েছিল ভালো কিছুর। তবে ফেব্রুয়রি থেকে আবারও ছন্দহীন সিটিজেনরা।
গার্দিওলার দলের সামনে সুযোগ ছিল নটিংহ্যাম ফরেস্টকে নিচে ঠেলে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন নম্বরে ওঠার। তবে আজ শনিবার উল্টো নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরে গেল সিটি। দলীয় ৬৭ মিনিটে ক্যালাম হাডসন-ওডোইয়ের একমাত্র গোলই গড়ে দেয় ব্যবধান।
চলতি আসরে এই নিয়ে নবম হার দেখল ম্যানচেস্টার সিটি। বর্তমানে ২৮ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। সমান ম্যাচ খেলে নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৫১। তালিকার তিন নম্বরে তারা। এই হারে সেরা চার থেকেও নেমে যাওয়ার শঙ্কায় সিটি। আগামী রবিবার লেস্টার সিটির বিপক্ষে জিতলেই তাদের ছাড়িয়ে চার নম্বরে উঠে আসবে চেলসি।











































