স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগামীকাল রবিবার ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। যদিও দু’দল আগেই গ্রুপ পর্বে খেলেছে। ফাইনালে দ্বিতীয় বার সাক্ষাৎ হতে চলেছে তাদের। পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডে ক্রিকেটে দুই দল ১১৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত জিতেছে ৬১টি ম্যাচে। নিউজিল্যান্ড ৫০টি ম্যাচে। একটি টাই এবং সাতটি পরিত্যক্ত হয়েছে।
এই দুই দলেই রয়েছেন তারকা ক্রিকেটারেরা। ফলে রবিবার ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকেরা। নিচে পাঠকদের জন্য পাঁচটি দ্বৈরথ তুলে ধরা হলো।
ম্যাট হেনরি বনাম শুভমন গিল
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের সফলতম বোলার হেনরি। চার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তার আগে ত্রিদেশীয় সিরিজে দু’টি ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছিলেন। হেনরির উপরে দায়িত্ব থাকবে শুভমনকে আটকানোর। চলতি বছরে শুভমন রানের মধ্যে রয়েছেন। দু’টি শতরান এবং দু’টি অর্ধশতরান হয়ে গিয়েছে। তবে গত দু’টি ম্যাচে রান পাননি। শুভমনকে ৮১টি বল করে ৬২ রান হজম করেছেন হেনরি। আগের ম্যাচেই আউট করেছেন শুভমনকে। ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে হেনরির গড়ও ভাল। ৮৯টি ইনিংসে ১১৩ জন ডানহাতি ব্যাটারকে আউট করেছেন। শুভমনও ডানহাতি বোলারদের ক্ষেত্রে বেশ ভাল। তাই জমাটি লড়াই হতে পারে।
মিচেল স্যান্টনার বনাম বিরাট কোহলি
স্যান্টনারের নিখুঁত বোলিং এবং বৈচিত্র কিউইদের অস্ত্র হতে পারে। কোহলিকে বৈচিত্র দিয়ে ঘায়েল করতে পারেন। ইদানীং স্পিনের বিরুদ্ধে কিছুটা সমস্যা হচ্ছে কোহলির। তবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে রান পাননি। স্যান্টনারের বিরুদ্ধে কোহলির গড় ৬০-এর উপর। তবে চার বার আউটও হয়েছেন। কোহলি ২৫৯টি বল খেলে ১৮০ রান করেছেন। ১০৯টি ডট বল খেলেছেন। ডানহাতিদের বিরুদ্ধে স্যান্টনারের গড় বেশ ভাল। সেখানে কোহলি বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ১৫৯৬ রান করলেও, ২৪ বার আউট হয়েছেন।
মাইকেল ব্রেসওয়েল বনাম শ্রেয়াস আইয়ার
প্রথম সারির স্পিনার নন। কিন্তু নিউজিল্যান্ড দলে ব্রেসওয়েলের ভূমিকা অনস্বীকার্য। আংশিক সময়ের স্পিনার হিসাবেও দলকে সাহায্য করতে পারেন। বাংলাদেশের বিপক্ষে চারটি উইকেট নিয়েছিলেন। শ্রেয়াসের বিপক্ষে তার লড়াইয়ে চোখ থাকবে। কারণ শ্রেয়াস যে সময়ে ব্যাট করেন, সেই সময়েই বল করতে আসেন ব্রেসওয়েল। শ্রেয়াস স্পিন খারাপ খেলেন না। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে ২৮টি ইনিংসে ২১টি উইকেট নিয়েছেন ব্রেসওয়েল। ডানহাতি অফস্পিনারদের বিরুদ্ধে শ্রেয়াসের গড় ৬৬-এর কাছাকাছি। মাত্র চার বার আউট হয়েছেন। স্ট্রাইক রেটও ১০০-র উপরে।
মোহম্মদ শামি বনাম ডেভন কনওয়ে
বাকি ম্যাচগুলির মতো ফাইনালেও ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মোহম্মদ শামি। কিউইদের জীবন কঠিন করে তুলতে পারেন। দীর্ঘ চোট-আঘাতের পরে শামি ভাল ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে উইকেট পাননি। তবে ২০২৩ এক দিনের বিশ্বকাপে সাত উইকেট নিয়েছিলেন। তার প্রধান লক্ষ্য থাকবে কনওয়েকে আউট করা। শামির আটটি বলে কনওয়ে মাত্র একটি রান করেছেন। একবার আউট হয়েছেন। ৯৯টি ইনিংসে ৬১ জন বাঁহাতিকে আউট করেছেন শামি। কনওয়ে আবার ডানহাতি পেসারদের বিপক্ষে ৩১ ইনিংসে ৫৮৭ রান করেছেন। ১৮ বার আউট হয়েছেন।
রবীন্দ্র জাদেজা বনাম কেন উইলিয়ামসন
জাদেজার বাঁহাতি স্পিন ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তিনিও নিখুঁত লাইন-লেংথে বোলিং এবং বৈচিত্রের জন্য পরিচিত। তাঁর সামনে পরীক্ষা দিতে হবে উইলিয়ামসনকে। সাবেক কিউয়ি অধিনায়ক নিজে স্পিন ভালোই খেলতে পারেন। জাদেজাকে কীভাবে সামলান সেটাই দেখার। আটটি ওয়ানডে ম্যাচে জাদেজার বিপক্ষে উইলিয়ামসনের গড় ৬৭। ২০৭ বলে ১৫৯ রান করেছেন। দু’বার আউট হয়েছেন। বাঁহাতি স্পিনারদের বিপক্ষে উইলিয়ামসনের ভালো গড় রয়েছে। ৬৭ ইনিংসে ৯২৭ রান করেছেন ৬৬.২১ গড়ে। ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে ১৮২টি উইকেট রয়েছে জাদেজার।











































