Home আঞ্চলিক সয়াবিনের পর বাজারে ছোলার নিয়ে অস্বস্তি, বাড়লো চালের

সয়াবিনের পর বাজারে ছোলার নিয়ে অস্বস্তি, বাড়লো চালের

9


সৈয়দ রানা কবীর
সয়াবিন তেলের পর বাজারে ছোলার দামে অস্থিরতা দেখা দিয়েছে। রোজার আগে থেকে স্থিতিশীল থাকা এই পণ্যের দাম মাত্র তিনদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে মোটা চাল, ময়দা, আদা, হলুদ, জিরা ও এলাচ বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে নিত্যপণ্যের বাজারে এসব পণ্য কিনতে ক্রেতার বেশি টাকা খরচ করতে হচ্ছে। খুলনার কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
খুচরা বিক্রেতারা জানান, বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে এখন ১০০-১১০ টাকা। আর পাড়া-মহল্লার দোকানে সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, যা কয়েকদিন আগেও ৯০-১০০ টাকায় বিক্রি হয়েছে। খুলনা বড়বাজারে ছোলা কিনতে আসা মো. এমদাদ হোসেন বলেন, রোজার আগে ছোলা কিনেছিলাম। সেগুলো শেষ হওয়ায় আবার বাজারে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে বিক্রেতারা কেজিতে ১০ টাকা বেশি দাম নিচ্ছে।
বড়বাজারের খুচরা বিক্রেতা মো. হাফিজ উদ্দিন জানান, রোজার আগে পাইকারি বাজারে ছোলার দাম বাড়েনি। তাই খুচরা বাজারেও দাম স্থিতিশীল ছিল। বৃহস্পতিবার পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা বেড়েছে। যে কারণে খুচরা বাজারেও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে সাতদিনের ব্যবধানে মোটা চালের দাম আরেক দফা বেড়েছে। খুচরা বাজারে মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা, যা সাতদিন আগে ৫৫ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি পাইজাম চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আর সরু চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭২-৮৫ টাকা।
দৌলতপুর বাজারের রইস উদদিন রাইস এজেন্সির মালিক আ: রইস জানান, রোজায় হঠাৎ মিল মালিকরা মোটা চালের দাম কেজিতে ৪ টাকা বাড়িয়েছে। যে কারণে পাইকারি বাজারে পণ্যটির দাম বেড়েছে। খুচরা পর্যায়ে দাম সমন্বয় করে বিক্রি হচ্ছে।
খালিশপুর খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হয় ৫৫ টাকা। খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। পাশাপাশি প্রতি কেজি প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৭৫ টাকা, যা সাতদিন আগে ৭০ টাকা ছিল। এছাড়া প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬০ টাকা।
খুচরা বাজারে দেশি হলুদ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৫০ টাকা, যা সাতদিন আগেও ৩০০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০০ টাকা, যা সাতদিন আগে ৩০০ টাকা ছিল। প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৮০ টাকা, যা সাতদিন আগেও ১৪০ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২১০ টাকা, যা আগে ১৯০ টাকা ছিল। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭৬০ টাকা। চারদিন আগে বিক্রি হয়েছে ৭৩০ টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ টাকা, যা সাতদিন আগেও ৫ হাজার টাকা ছিল। কেজিতে ২০ টাকা বেড়ে প্রতি কেজি তেজপাতা বিক্রি হচ্ছে ২৩০ টাকা।
এদিন খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বোচ্চ ২০০- ২১০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৬০-৫২০ টাকা। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা। সঙ্গে খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১৫০ টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের কয়েকটি বাজারে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে বিভাগের কয়েকটি জেলায় ১৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
খুলনা নগরীসহ সমগ্র বিভাগে নিত্যপ্রয়োজনীয় এ সকল পণ্যের দাম বাড়ায় এখন প্রায় সব এলাকায় ইফতার সামগ্রীর দামও বেড়েছে অনেক। নিন্মবিত্ত ও সাধারণ মানুষ এখন হিমশিম খাচ্ছে বাজারে এ সকল নিত্যপণের মুল্য অনেক বৃদ্ধি পাওয়ায়। তাদের দাবি, সঠিকভাবে বাজারগুলোতে নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।