নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরায় মৎস্য ঘেরের পাশে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই মৎস্য ঘেরের পাহারাদার ছিলেন। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুর রহমানের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি: সময় সংবাদ
২ মিনিটে পড়ুন
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরের আয়ুব আলীর মৎস্য ঘেরের পাশে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুর রহমান গাজী তালতলা গ্রামের মৃত. বাবর আলী গাজীর ছেলে। তিনি পাশের অহিদের মৎস্য ঘেরের পাহারাদার ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, আব্দুর রহমান আয়ুব আলী মৎস্য ঘেরের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে তিনি ওই ঘেরের পাহারা দিতে গিয়েছিলেন। সকালে তার মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন । পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাইয়ের অভিযোগ, মৎস্য ঘেরের তিন পাশে বৈদ্যুতিক তার থাকলেও যেখানে তার লাশ পড়েছিল সেখানে কোনো তার ছিল না। তার গলায় গামছা জড়ানো, মাথায় মুখোশ পরানো আর পরনে থ্রি কোয়াটার প্যান্ট ছিল। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার। নিহতের একমাত্র মেয়ে আসমা পিতৃহত্যার বিচার চেয়েছেন।
নিহতের দ্বিতীয় স্ত্রী রুপা খাতুন পাওনা টাকা নিয়ে গন্ডগোল হয়েছিল একজনের সাথে উল্লেখ করে জানান, ইফতার করে তারাবী নামাজ আদায় করে ঘেরে গিয়ে আর ফিরে আসেনি। তারও সন্দেহ তার স্বামীকে হত্যা করা হয়েছে।
সদর থানার এসআই হাসান আল মামুন জানান, টহলকালীন সংবাদ পেয়ে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর হত্যার কারণ নিশ্চিত করা যাবে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































