বিনোদন ডেস্ক।।
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। পর্দায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও দুর্দান্তভাবে মেলে ধরেছেন নিজেকে। তবে একসময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন খুব কম দেখা যায় তাকে।
এ অভিনেত্রী বর্তমানে বেঁছে কাজ করছেন বলেই পর্দায় কম দেখা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কথা বলে থাকেন। এছাড়া বিভিন্ন সময় সমসাময়িক ইস্যু নিয়েও কথা বলতে দেখা যায় এ তারকাকে।
এবার অভিনেত্রী শবনম ফারিয়া নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ লিঙ্গবৈষম্য দূরীকরণে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা দেয়ার জন্যই উদযাপন করা হয় দিবসটি।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কী?’
এদিকে এর কয়েকদিন আগেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’











































