স্পোর্টস ডেস্ক
আর মাত্র একটি ম্যাচ, তারপরই পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আসরের। আগামী রবিবার শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতের লক্ষ্য থাকবে শিরোপা পুনরূদ্ধারের, আর ২০০০ সালে প্রথম আসরে জেতা কিউইরা চায় আবার শিরোপা জেতার অভ্যাস হোক তাদের।
২০০০ সালেই ওয়ানডে ফরম্যাটে আইসিসির একমাত্র শিরোপা জেতে নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও ফিরতে হয় দুর্ভাগ্যজনকভাবে। ম্যাচ ‘টাই’ হওয়ার পর সেবার ‘টাই’ হয়েছিল সুপার ওভারও। পরে বেশি বাউন্ডারি হাঁকানোর ভিত্তিতে শিরোপা ওঠে ইংল্যান্ডের হাতে।
চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ‘টাই’ হলে কী হবে
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও ‘টাই’ হলে নিয়ম অনুযায়ী সুপার ওভারে গড়াবে। তবে ২০১৯ বিশ্বাকাপের মতো সুপার ওভারও ‘টাই’ হলে বাউন্ডারি দিয়ে বিজয়ী ঘোষণা করা হবে না। বরং, ম্যাচের ফল না আসা পর্যন্ত বারংবার সুপার ওভারের আয়োজন করা হবে।
ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে
পাকিস্তানে তিনটি ম্যাচে বৃষ্টি বাধা দিয়েছে। তবে দুবাইয়ের হিসাব আলাদা। এখানকার আবহাওয়া বলছে, আগামী রবিবার ফাইনালের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে ভারত-নিউজিল্যান্ড দুই দলই শিরোপা ভাগ করে নেবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা ভাগ করে নেওয়ার ইতিহাস আগেও আছে। ২০০২ সালের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর শিরোপা ভাগ করে নেয় ভারত ও শ্রীলংকা। চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম বিতর্কিত ফাইনাল ছিল সেটি। দুই দল দুই দিনে (রিজার্ভ ডে ছিল) ১১০ ওভার খেললেও ফল আসেনি।











































