বিনোদন ডেস্ক
বিয়ের পর থেকেই কিয়ারা আদভানির বৃহস্পতি তুঙ্গে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলিউডের পরিচালক-প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি। আর তাই ফারহান আখতারের ‘ডন ৩’-এ মুখ্য অভিনেত্রীর চরিত্রও তার ঝুলিতে গিয়েছিল। সম্প্রতি এই অভিনেত্রী মা হওয়ার সুখবর দেন। জানা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ‘ডন ৩’ এর প্রস্তাব নাকচ করে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা। এখন কিয়ারা ‘টক্সিক’ এবং ‘ওয়ার-২’ সিনেমার শুটিং গোটাতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ এই গোটা মাতৃত্বকালীন পর্বটা তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান। এমনকি অভিনেত্রীর এই সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। ইতিমধ্যে ‘ডন-৩’ এর জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ এ ‘ধুম-৪’ এর শুটিং করবেন কিয়ারা। এর মাঝেই আসতে চলেছে তার সন্তান। ‘ডন-৩’ সিনেমার পরিচালক ফারহান আখতার বলেছেন, চলতি বছরের শেষের দিকেই রণবীরকে নিয়ে শুটিংয়ের কাজ শুরু করবেন তিনি। খলনায়কের ভূমিকায় থাকছে বিক্রান্ত মাসে। জানা গেছে, ছবিটির কাস্টিং চলছে। প্রি-প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে।











































