স্পোর্টস ডেস্ক
মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গতকাল বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে রান খরায় ভুগছেন মুশফিক। চ্যাম্পিয়নস ট্রফিতেও হাসেনি তার ব্যাট। সবমিলিয়ে শেষ ১৫ ওয়ানডেতে মাত্র ১ ফিফটি করা অভিজ্ঞ এই ব্যাটারের জাতীয় দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠছিল। কবে ওয়ানডেকে বিদায় জানাবেন এমন আলোচনাও শুরু হয়েছিল সম্প্রতি। এবার মুশফিক নিজেই ওয়ানডেকে বিদায় বলে দিলেন।
মি. ডিপেন্ডবেল খ্যাত এই তারকার অবসর নেওয়ার পর তাকে বিদায়ী বার্তা দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলে ১৬ বছর সতীর্থ হিসেবে খেলেছেন দুজন। এক ভিডিওতে মুশফিককে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, অনেকের কাছেই তিনি রোলমডেল হয়ে থাকবেন।
শুরুতে তামিম বলেন, ‘আজকে এমনই একটা দিন, সাধারণত কেউ যদি কোনো সংস্করণ থেকে অবসর নেয়, সবাই স্ট্যাটাস দেয়, তাদের অনুভূতিটা বোঝায়। কিন্তু এমন একজন ব্যক্তি আজ অবসর নিলেন, যার সঙ্গে আমার ২০-২৫ বছরের অভিযাত্রা। একটা স্ট্যাটাসে আমি আসলে বোঝাতে পারতাম না, তার প্রতি আমার অনুভূতি কেমন এবং এখন আমার আসলে কেমন মনে হচ্ছে। আপনারা সবাই জানেন মুশফিক কিছুক্ষণ আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলতে চাই যে দোস্ত, তোর সঙ্গে আমার খেলার শুরু অনূর্ধ্ব-১৫ থেকে এবং আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি। তোকে দেখেছি যে সাধারণ ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েছিস। অনেকেরই তার কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি। আমি দেখেছি যে একটি ছেলে কত কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব, আমার কাছে মনে হয় যে সে সবই করেছে, এখনো করে যায়। আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন। কিন্তু তার নিবেদন, খেলার প্রতি ভালোবাসা, এটা বিশাল। এটা আমি কথায় কোনো দিন কাউকে বোঝাতে পারব না। খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কত কষ্টকর, আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু, আমি বুঝতে পারি যে এটা তার জন্য খুব খুব কঠিন।’
দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। আছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি। ওয়ানডেতে তার চেয়ে বেশি রান করেছেন শুধু তামিম ইকবাল (৮ হাজার ৩৫৭)। তিনি অবসর ঘোষণার কিছুক্ষণ পরই ভিডিও বার্তাটি তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। গত জানুয়ারিতে বাংলাদেশের হয়ে আর না খেলা নিশ্চিত করা তামিম তার দীর্ঘদিনের এই সতীর্থের প্রতি আরও বলেন, ‘বন্ধু, তুমি যা কিছুই অর্জন করেছ, বাংলাদেশের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যা করেছ, এসব বছরের পর বছর মনে রাখা হবে।’
তামিম এরপর মুশফিকের প্রতি যোগ করেন, ‘এখনো তুই একটি সংস্করণে খেলবি—টেস্ট সংস্করণ। আমি সত্যিই আশা করি ও প্রার্থনা করি, তুই ভালো কর। অন্তত ১০০টি টেস্ট খেল, যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। আমি এটা আশা করব, ১০০তম টেস্ট অবশ্যই খেলবি। খুব আবেগপ্রবণ লাগছে, যেটা আমি টের পাচ্ছি, তুইও পাচ্ছিস। বাংলাদেশ তোকে মিস করবে। যা কিছুই করেছিস তুই দেশের জন্য, অনেক অনেক বছর সেসব মনে রাখা হবে…ধন্যবাদ, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মুশফিক।’
এদিকে মুশফিকের দীর্ঘদিনের আরেক সতীর্থ মাহমুদউল্লাহও তাকে বিদায়ী বার্তা দিয়েছেন। গতকাল গভীর রাতে মাহমুদউল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয়, ‘প্রিয় মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে তোমার সেঞ্চুরিটা এখনো মনে আছে। এটা খেলাটির প্রতি তোমার সম্মানবোধ, নিবেদন ও সর্বোচ্চ পর্যায়ে কঠোর পরিশ্রমী মানসিকতার প্রমাণ। এটা যেকোনো ক্রিকেটারকেই প্রেরণা জোগাবে। কোনো সন্দেহ নেই, তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের অভিযাত্রার জন্য শুভকামনা।’











































